এ এক অন্য শ্রীলঙ্কা। যে দল আগের টেস্টে অস্ট্রেলিয়ার দাপটের সামনে উড়ে গিয়েছিল, সেই তারাই পরের ম্যাচে বড় লজ্জা দিলো অজিদের। গলের দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। দিনেশ চান্ডিমালের ডাবল সেঞ্চুরি ও প্রবাথ জয়াসুরিয়ার ১২ উইকেটে স্মরণীয় এক জয় পেয়েছে স্বাগতিকরা।
আজ (সোমবার) গল টেস্টের চতুর্থ দিনেই নিষ্পত্তি হয়ে গেছে ম্যাচ। চান্ডিমালের হার না মানা ২০৬ রানে ভর করে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮১ ওভারে গড়ে ৫৫৪ রানের পাহাড়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রবাথের ঘূর্ণির সামনে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতে ইনিংস ও ৩৯ রানের জয় নিশ্চিত হয় লঙ্কানদের। স্বাগতিকদের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন চান্ডিমাল। আগের সর্বোচ্চ ১৬৪ রান ছাপিয়ে খেলেছেন হার না মানা ২০৬ রানের ইনিংস। তৃতীয় দিনের ১১৮ রান নিয়ে চতু্র্থ দিন শুরু করে পূরণ করেন ক্যারিয়ারের প্রথম ডাবল। ৩২৬ বলের হার না মানা ইনিংসটি তিনি সাজান ১৬ বাউন্ডারি ও ৫ ছক্কায়। এছাড়া রমেশ মেন্ডিস করেন ২৯ রান।
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। তবে ২৪ রান করে ডেভিড ওয়ার্নারের বিদায়ের পরই ঘটে ছন্দপতন। অবশ্য বড় ধাক্কাটা লাগে উসমান খাজার আউটের পর। ২৯ রানে তার বিদায়ের পরপরই আউট স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রানের খাতাই খুলতে পারেননি। খানিক পর প্যাভিলিয়নের পথ ধরেন ট্র্যাভিস হেড। তাতে ৭৪ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
ওই জায়গা থেকে মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন চেষ্টা করলেও বেশি কিছু করতে পারেননি। লাবুশেন ইনিংস সর্বোচ্চ ৩২ ও গ্রিন ২৩ রানে বিদায় নেন। শেষ দিকে অ্যালেক্স ক্যারি (১৬*) ও প্যাট কামিন্সও (১৬) পারেননি ইনিংস হার বাঁচাতে। ৪১ ওভারে ১৫১ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া প্রবাথ দ্বিতীয় ইনিংসেও আলো ছড়িয়েছেন। তার ঘূর্ণিতেই কুপোকাত অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৫৯ রানে তার শিকার ৬ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে ১২ উইকেট নেওয়া এই স্পিনারের হাতেই উঠেছে সেরার পুরস্কার। আর সিরিজসেরা দিনেশ চান্ডিমাল।









