শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল। নেপালের ইনিংসের ৩৮তম ওভারেই ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। আরেক শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার রাসেল আরনল্ডের সঙ্গে ধারাবিবরণী দিয়েছেন তিনি।
এই সময় বর্তমান এই কোচ বাংলাদেশ যুব দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কোয়ার্টার ফাইনালে খেলছে; এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই দারুণ ব্যাপার।’
এছাড়া বাংলাদেশের বর্তমান ক্রিকেট নিয়েও রাসেল আরনল্ডের সঙ্গে কথা হয় হাথুরুসিংহের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর বসবে ভারতে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে চন্ডিকা বলেন, ‘আমাদের সেভাবে টি-টোয়েন্টি খেলা হয় না। এই কারণে এই ফরম্যাটে ছেলেরা কিছুটা পিছিয়ে রয়েছে। তবে আসন্ন বিশ্বকাপে অবশ্যই দক্ষতা অনুসারে নিজেদের সেরাটা দেবে ছেলেরা।’
প্রধান কোচ হাথুরুসিংহে দাবি করেন দলের সবার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। যার কারণে সাফল্য পাচ্ছে পুরো দল। তিনি বলেন, ‘বিগত কয়েক বছরে ছেলেদের দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। তারা বড়দেশগুলোকে হারাতে পারে এমন একটি আত্মবিশ্বাস তাদের মাঝে গড়ে উঠেছে।’
/আরআই/এফআইআর/








