বাছাইয়ের সেমিফাইনাল জিতেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস। শুধু ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করছিল তাদের প্রথম পর্বের গ্রুপিং। নেদারল্যান্ডসকে ৩৭ রানে হারিয়ে গ্রুপ ‘বি’ তে পড়েছে জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও প্রথম পর্ব পার হতে না পারা জিম্বাবুয়ের গ্রুপটা কঠিনই বলা চলে। এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রয়েছে টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডও। নিউজিল্যান্ডের বিপক্ষে আইরিশদের বর্তমান নৈপুণ্য সবারই জানা। ফলে এই গ্রুপে যে জিম্বাবুয়েকে অগ্নি পরীক্ষায় নামতে হচ্ছে, তা বলাই যায়।
অপর দিকে নেদারল্যান্ডস হেরে গিয়ে পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরক আমিরাত।
বাছাইয়ের পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স ছিল জিম্বাবুয়ের। জিতেছে ৫ ম্যাচের সবগুলো। ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়েছে। জবাবে ১৮.২ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেছে ডাচরা। অন্যান্য ম্যাচগুলোয় ব্যাট হাতে আলো ছড়ানো সিকান্দার রাজা এ ম্যাচে দেখান ঘূর্ণি জাদু। ক্যারিয়ার সেরা নৈপুণ্যে ৮ রানে একটি মেডেনে নিয়েছেন ৪ উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কারও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের ‘এ’ ও ‘বি’ গ্রুপ নিম্নরুপ:
গ্রুপ ‘এ’ | গ্রুপ ‘বি’ |
নামিবিয়া | আয়ারল্যান্ড |
শ্রীলঙ্কা | স্কটল্যান্ড |
সংযুক্ত আরব আমিরাত | ওয়েস্ট ইন্ডিজ |
নেদারল্যান্ডস | জিম্বাবুয়ে |
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল অংশ নেবে সুপার টুয়েলভে। সেখানে আবার দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২টি দল। টুর্নামেন্ট ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
সুপার টুয়েলভ নিম্নরুপ-
গ্রুপ-১ | গ্রুপ- ২ |
অস্ট্রেলিয়া | ভারত |
ইংল্যান্ড | পাকিস্তান |
নিউজিল্যান্ড | দক্ষিণ আফ্রিকা |
আফগানিস্তান | বাংলাদেশ |
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন | গ্রুপ ‘এ’ রানার্স আপ |
গ্রুপ ‘বি’ রানার্স আপ | গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন |









