চোটের কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাননি কাটার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যাচ্ছেন বাঁহাতি পেসার। শনিবার টুর্নামেন্টের নিলামের প্রথম দিনে দলও পেয়ে গেছেন মুস্তাফিজ। তাকে ১ কোটি ৪০ লাখ রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
আর এই নিলামের শুরুটা করেছিল হায়দরাবাদ সানরাইজার্স। এরপর তাকে দলে ভেড়াতে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এরপর ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি থেকে মুস্তাফিজের দাম আরও ছাড়িয়ে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এরপর নিলামে হাঁক দেওয়ার কথা বললেও পরে আর করেনি। শেষ পর্যন্ত সানরাইজার্স ১ কোটি ৪০ লাখ রুপিতেই মুস্তাফিজকে দলে ভেড়ায়। এনিয়ে আইপিএল-এ ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এরআগে আইপিএলে সুযোগ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান।
আইপিএল-এ মুস্তাফিজের দলীয় সতীর্থরা হলেন যুবরাজ সিং, আশিষ নেহরার মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা।
গত বছরের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজের। সেখানে ২ উইকেট নিয়ে তার আগমনী বার্তা জানান দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটকে। ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জোটে তার। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে আবারও ম্যাচসেরা হন। সঙ্গে হয়ে যান ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নেওয়া প্রথম বোলারও। মুস্তাফিজের আগে প্রথম দুই ওয়ানডেতে ১০ উইকেট ছিল ব্রায়ান ভিটরির।
গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও অভিষেকটা হয়েছিল বলার মতো। ওই ম্যাচে রেকর্ড বইয়ে নতুন করে নাম লেখান মুস্তাফিজ। টেস্ট ইতিহাসে চার বলে তিন উইকেট নেওয়ার ঘটনা আছে মোট ৩৭টি। সে তালিকায় যোগ হয়েছেন মুস্তাফিজও। ক্যারিয়ারের প্রথম টেস্টেও ম্যাচ সেরার পুরস্কার পান কাটারখ্যাত মুস্তাফিজ। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট ২ ধরনের ক্রিকেটে অভিষেকেই ম্যাচ সেরা হওয়ার প্রথম কীর্তি গড়েছেন তিনি।
/এফআইআর/ এএইচ/








