যার ব্যাটে রেকর্ডের ফুল ফুটেছে বছরের পর বছর। সেই বিরাট কোহলি ব্যাট করতেই যেন ভুলে গেছেন! দিনের পর দিন পেরিয়ে যায়, কিন্তু কোহলির ফর্ম আর ফেরে না। ‘বিশ্রাম বিশ্রাম’ করে ক্রিকেট বিশ্লেষকরা মুখে ফেনা তোলার পর ক্রিকেট থেকে দূরেও সরে গিয়েছিলেন। কিন্তু ফিরে আসার পর সেই একই দৃশ্য। এই অবস্থায় তাকে বড় সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন অনেকে। সঞ্জয় মাঞ্জরেকার তাদের দলে নন। তার মতে, কোহলির বিশ্রাম যথেষ্ট হয়েছে।
ব্যর্থতার ছায়ায় আটকে থাকা কোহলি পথ খুঁজে পাচ্ছেন না। সেঞ্চুরির রেকর্ড গড়ে অনন্য উচ্চতায় ওঠা এই ব্যাটারের ২০১৯ সাল থেকে নেই কোনও শতক। এই অবস্থায় তাকে নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। কোহলির শেষও দেখে ফেলেছেন অনেকে। কেউ কেউ আবার বিশ্রাম কিংবা ক্রিকেট থেকে দূরে থাকার কথা বলছেন। কোহলি সেটি করেছেনও, যদিও অল্প সময়ের ব্যবধানে ইংল্যান্ড সফরে ফিরে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
এই অবস্থায় বিশ্রাম ‘কাজের নয়’ বলে মনে করছেন মাঞ্জরেকার। সাবেক ভারতীয় ব্যাটারের মতে, খেলার মধ্যে থাকলেই পুরনো কোহলিকে পাওয়া যাবে। এক অনুষ্ঠানে এই ধারাভাষ্যকার বলেছেন, ‘আমি মনে করি, ভারতের প্রায় সব ম্যাচে খেলানো উচিত কোহলিকে। যতটা সম্ভব খেলানো উচিত তাকে। অনেকেই বলছেন, কোহলির বিশ্রামে যাওয়া উচিত, ক্রিকেটের বাইরে থাকা উচিত কিছুদিন। কিন্তু কোহলি তো অনেক বিশ্রাম পেয়েছে, আর কত!’
গত দুই বছরে ভারতের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি কোহলি। এজন্য তার খেলার মধ্যে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন মাঞ্জরেকার, ‘সবশেষ দুই বছরে ভারতের ম্যাচগুলির দিকে তাকান। দেখবেন কোহলি অনেক ম্যাচে খেলেইনি। আমি ঠিক জানি না কোহলি কেন এতদিন খেলার বাইরে। টিম ম্যানেজমেন্ট কেন তাকে এত লম্বা সময় খেলার বাইরে থাকার অনুমিত দিয়েছে। কারণ তো অবশ্যই আছে। কোহলি নিশ্চয় তাদের বিষয়টি বলেছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোহলি যত ম্যাচ খেলবে, তত তাড়াতাড়ি ফর্মে ফিরতে পারবে।’
কোহলি অবশ্য এই মুহূর্তে বিশ্রামেই আছেন। ইংল্যান্ড সফরে থাকলেও ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেননি সাবেক অধিনায়ক।









