লিগ জমজমাট করতে জাতীয় দলের ক্রিকেটারদের লটারির মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছিল। স্কোরবোর্ডে যথেষ্ট রান না উঠলেও শেষ দিন পর্যন্ত শিরোপা লড়াইয়ে ছিল চার দল। ৮ বিভাগীয় দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় নারী ক্রিকেট লিগে শেষ পর্যন্ত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। ২০১৮ ও ২০১৯ সালেও শিরোপা জিতেছিল তারা।
সিলেটের সমান ১০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে বরিশাল বিভাগ। জাতীয় লিগের ১২তম আসরে নতুন চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েছিল দলটি। কিন্তু নেট রানরেটে সিলেটের চেয়ে খানিকটা পিছিয়ে থাকায় সেটা সম্ভব হয়নি।
আজ (শনিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকরা ২৩ রানে হারায় ঢাকা বিভাগকে। শামীমা-ফাহিমার সিলেট আগে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে। জবাবে ফারজানা হকের হাফসেঞ্চুরির পরও ৮১ রানে অলআউট হয় ঢাকা। জাতীয় দলের তারকা ক্রিকেটার ওপেনিংয়ে নেমে ৫২ রানের ইনিংস খেলেন।
এবারের লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ফারজানা। ৭ ম্যাচে চার ফিফটিতে ৩১৬ রান করেন তিনি। আসরে সর্বোচ্চ ১৫ উইকেট বরিশালের লিলি রানী বিশ্বাসের।
কোন আসরে কারা চ্যাম্পিয়ন:
২০২২: সিলেট
২০১৯: সিলেট
২০১৮: সিলেট
২০১৭: খুলনা
২০১৬: রাজশাহী
২০১৫: রংপুর
২০১৪: খুলনা
২০১৩: খুলনা
২০১২: খুলনা
২০১১: খুলনা
২০১০: ঢাকা









