শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে দারুণ সূচনা করেছে আফগানিস্তান। বল হাতে শুরুতেই লঙ্কানদের ১০৫ রানে থামিয়ে দিতে পেরেছে। এরপর রাহমানুল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে ৫৯ বল আগেই ৮ উইকেটে জিতে যায় মোহাম্মদ নবীর দল। মঙ্গলবার সেই আফগানদের বিপক্ষে বাংলাদেশ তাদের এশিয়া কাপ মিশন শুরু করবে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নবীনতম দল হলেও এই ফরম্যাটে আফগানিস্তান ভীষণ ভয়ংকর একটি দল। এমন দলের বিপক্ষে শুরুতে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ তো প্রথম ম্যাচকেই নিজেদের অগ্রযাত্রার ‘নির্ধারক’ বলে উল্লেখ করেছেন।
আরব আমিরাতের কন্ডিশনে বাংলাদেশের সাফল্যের হার শূন্য। অন্যদিকে এই কন্ডিশন আফগানদের নখদর্পণে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিয়মিত এখানে খেলে অভ্যস্ত তারা। এই অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে সাফল্য পাওয়াটা বেশ কঠিনই। কিন্তু মিরাজের ভাবনা , ‘একটা জিনিস দেখেন, টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটাই বলে দেবে আমরা কতদূর যাবো। আফগানিস্তান কালকে (শনিবার) ম্যাচ জিতেছে, ওদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই আমাদের জন্যও গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা আমরা কীভাবে খেলবো। টিমের ছন্দটা প্রথম ম্যাচেই সেট করতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে সাফল্য পেতে খোলা মন নিয়ে খেলতে মুখিয়ে মিরাজ। ভয়, শঙ্কা, অস্বস্তি দূর করে আফগান বোলারদের বিপক্ষে খোলা মন নিয়ে ব্যাটিং করতে চাওয়ার কথাও জানিয়েছেন, ‘ওদের বোলাররা ভালো আছে, আমরা খোলা মন নিয়ে কীভাবে খেলতে পারি সেটা দেখতে হবে। যদি কনফিউজ থাকি তাহলে কখনও সফল হওয়া যাবে না। আন্তর্জাতিক পর্যায়ে আপনাকে মাইন্ড ক্লিয়ার রাখতে হবে। আর যেটা করবেন তার ওপর আত্মবিশ্বাস থাকতে হবে।’
দুই দলের স্পিন আক্রমণ বেশ সমৃদ্ধ। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ছাড়াও আছেন নাসুম আহমেদ। ডানহাতি স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ। সেই তুলনায় বেশ বৈচিত্র্য আছে আফগানদের স্পিন আক্রমণে। মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ছাড়া লেগস্পিনার রশিদ খান তো আছেন-ই।
দুই দলের স্পিন আক্রমণ তুলনা করতে গিয়ে মিরাজ বলেছেন, ‘একটা জিনিস দেখেন আমরা যে সুবিধা পাবো ওরাও সেই সুবিধা পাবে। কারণ, ওদেরও স্পিন আক্রমণ ভালো, আমাদেরও আলহামদুলিল্লাহ স্পিন আক্রমণ ভালো।’
মিরাজের মতে, যারা ব্যাটিং ভালো করবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে, ‘শারজাতে যদি আমরা ভালো ব্যাটিং করি তাহলে ম্যাচ আমাদের ফেভারে আসবে। ওরা ভালো ব্যাটিং করলে ওদের ফেভারে যাবে। এখানে ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং যারা ভালো করবে, তাদের জন্য সুবিধা বেশি থাকবে।’
মিরাজ আরও যোগ করেন , ‘আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রথম ম্যাচটা জিতে এগিয়ে যাওয়ার জন্য। বাট জিততে হলে যেসব জিনিস করতে হবে সেগুলো আমাদের ফলো করতে হবে।’
তবে জয় পেতে দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘সবাই জিততে চায়, আমরাও চাই। কিন্তু দিনশেষে জিততে গেলে যেসব প্রসেস আছে, সেগুলো মেনটেইন করতে হবে। ব্যাটারদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে। সবাই একসঙ্গে পারফর্ম করতে হবে।’








