কুড়ি ওভারের ধুম-ধারাক্কা ক্রিকেটে যেন ম্যাড়ম্যাড়ে ম্যাচে পরিণত হচ্ছিল। কোনও দলের ব্যাটারদের ব্যাটিংয়ে তেমন কোনও মুগ্ধতা খুঁজে পাচ্ছিলেন না ক্রিকেটপ্রেমীরা। অবশেষে ভারত ও হংকংয়ের মধ্যকার ম্যাচে তেমন ব্যাটিংয়ে দেখা মিললো। ফুটে উঠলো টি-টোয়েন্টির সৌন্দর্যের। শক্তিশালী ভারতের বিপক্ষে ৪০ রানে হারলেও সাহসী ক্রিকেট খেলে সবার হৃদয় জয় করে ফেলেছে হংকং।
বাছাই পর্ব উৎরে এশিয়া কাপে সুযোগ করে নিয়েছে হংকং। বুধবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুন ব্যাটিং করে ১৫২ রান তুলতে পারে হংকং। ফলে ৪০ রানে শক্তিশালী ভারতের কাছে হেরে যায় তারা।
বড় লক্ষ্যে খেলতে নেম দ্বিতীয় ওভারের শেষ বলে ইয়াসিম মুর্তজা (৯) রানে সাজঘরে ফেরেন। এরপর দুই নম্বরে নেমে বাবর হায়াত তাণ্ডব চালাতে থাকেন। পাওয়ার প্লেতে হংকং তুলে ফেলে ৫১ রান। যদিও পাওয়ার প্লে শেষ হওয়ার আগের বলে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন হংকংয়ের ওপেনার নিজাকাত খান (১০)। সঙ্গীর বিদায়ে দারুন খেলতে থাকা বাবর হায়াতও বেশিক্ষণ ঠিকতে পারেননি। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন।
বাকি ব্যাটারদের মধ্যে সবাই কম বেশি চেষ্টা করলেও ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না। কিঞ্চিত শাহ ২৮ বলে ৩০, আজিজ খান ১৩ বলে ১৪। এছাড়া জিশান আলী ১৭ বলে ২৬ রান ও উইকেট কিপার ব্যটাার স্কট ম্যাককেনি ৮ বলে ১৬ রানের টর্নোডো ইনিংস খেলেন।
এর আগে এশিয়া কাপে লড়াইয়ে হংকংয়ের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন সূর্যকুমার ও কোহলি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তাদের অপরাজিত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯২ রান করেছে ভারত। সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন সূর্যকুমার। চার নম্বরে নেমে ২৬ বলে খেলেছেন হার না মানা ৬৮ রানের ইনিংস। আর কোহলি ৪৪ বলে করেন অপরাজিত ৫৯ রান।
ভারতের সঙ্গে হংকংয়ের শক্তির পার্থক্য যোজন যোজন। বাছাই পর্ব পেরিয়ে এশিয়া কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়া এই দলটির বিপক্ষে যে রোহিত শর্মারা রান উৎসব করবে, সেটিই ছিল অনুমিত। তবে শুরুর চিত্র বলছিল অন্য কথা। অধিনায়ক রোহিত আগ্রাসী থাকলেও লোকেশ রাহুলের ব্যাটিং ছিল মন্থর। রোহিত ১৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২১ রানে বিদায় নেওয়ার পর সংগ্রাম করেছেন রাহুল। ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না তার ব্যাটিং। আউট হওয়ার আগে ৩৯ বলে করেন ৩৬ রান। কোনও বাউন্ডারি নেই, তবে মেরেছেন দুই ছক্কা।
রাহুল যখন বিদায় নেন, ভারতের স্কোর তখন ১৩ ওভারে ৯৪। হংকংয়ের বিপক্ষে এই স্কোর মোটেও মানানসই নয় তাদের। তবে শেষ ৭ ওভারের চিত্র ছিল আলাদা। এই সময়ে ভারত ৪২ বলে করেছে ৯৮ রান! যেখানে আক্ষরিক অর্থেই তাণ্ডব চালিয়েছেন সূর্যকুমার। হংকং বোলারদের শাসন করে মেরেছেন ৬ বাউন্ডারির সঙ্গে ৬ ছক্কা। শেষ ওভারেই মেরেছেন ৪ ছক্কা! শেষ পর্যন্ত তিনি ২৬ বলে অপরাজিত ৬৮ রান।
অন্যদিকে ফর্ম খুঁজে বেড়ানো কোহলিকে পাওয়া গেছে চেনা ছন্দে। দারুণ ব্যাটিংয়ে পেয়েছেন টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি। তার ৪৪ বলে করা অপরাজিত ৫৯ রানের ইনিংসে ছিল ১ চারের সঙ্গে ৩ ছক্কার মার।
হংকংয়ের দুই বোলার- আয়ুশ শুক্লা ও মোহাম্মদ ঘাজানফার নিয়েছেন একটি করে উইকেট।









