টি-টোয়েন্টি বিশ্বকাপের দল জানালো ইংল্যান্ড। কুড়ি ওভারের বিশ্ব আসর দিয়ে এই ফরম্যাটে ফিরলেন বেন স্টোকস। তার সঙ্গে আরও ফিরেছেন ক্রিস ওকস ও মার্ক উড। তবে বাদ পড়েছেন জেসন রয়।
আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে সামনের পাকিস্তান সফরের দলও জানিয়ে দিয়েছে তারা।
২০২১ সালের মার্চের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই এই ফরম্যাটে ফিরতে যাচ্ছে ইংলিশ টেস্ট অধিনায়ক স্টোকস। পাকিস্তান সফরের সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলতে যাবেন।
তবে এই সিরিজে খেলবেন চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফেরা দুই পেসার ওকস ও উড। তাদের নিয়ে সাজানো দলটি পাকিস্তান সফরের প্রথম অংশে পাবে না অধিনায়ক জস বাটলারকে। মাংসপেশীতে টানা লাগায় পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। বাটলারের জায়গায় পাকিস্তান সিরিজের শুরুতে নেতৃত্ব দেবেন মঈন আলী।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সবচেয়ে বড় ঘটনা জেসন রয়ের না থাকা। গত কয়েক বছর সাদা বলের ক্রিকেটে প্রথম পছন্দের ওপেনার হিসেবে খেলা এই ব্যাটার এবার দলেই সুযোগ পাননি। ফর্মহীনতায় তাকে বাদ দিয়েছে ইসিবি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না তার। বিশেষ করে, এবারের গ্রীষ্মে সবচেয়ে বাজে সময় গেছে রয়ের। ৩২ বছর বয়সী ব্যাটার ৬ টি-টোয়েন্টিতে ১২.৬৬ গড়ে করেছেন মাত্র ৭৮ রান।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিকস ওকস, মার্ক উড।
রিজার্ভ: লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।
পাকিস্তান সফরে ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কারেন, বেন ডাকেট, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টম হেম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।









