২০১৫ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিগার সুলতানা জ্যোতির। দুই ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের অধিনায়ক ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। অথচ কখনোই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা হয়নি তার। হবেই বা কী করে? বাংলাদেশের মেয়েরা মিরপুরের এই মাঠে গত ১০ বছর ধরেই খেলার সুযোগ পায় না নিয়মিত। বাংলাদেশের অধিনায়ক অপেক্ষায় আছেন, কবে হোম অব ক্রিকেটে খেলার সুযোগ অন্তত পাবেন।
এমনিতে মিরপুরে পুরুষ জাতীয় দলের নিয়মিত খেলার পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলা, ইমার্জিং দলের ম্যাচ, বিপিএলসহ ঘরোয়া নানা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্কুল ক্রিকেটের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। বিভিন্ন জাতীয় দিবসে থাকে প্রদর্শনী ক্রিকেটও। বিস্ময়কর হলেও সত্যি মেয়েদের খেলা এখানে রাখাই হয় না। আর এই কারণে ২০১৫ সালে অভিষেক হওয়া জ্যোতির এই মাঠে এখনো অভিষেক-ই হয়নি। সর্বশেষ এই মাঠে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশের নারী দল। এরপর যত ম্যাচ হয়েছে- হয় সিলেট নয়তো কক্সবাজারে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বসে আক্ষেপ ঝরলো নিগার সুলতানার কণ্ঠে, ‘২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলছি, কখনও মিরপুরে খেলিনি। সালমা আপু, জাহানারা আপু, যারা সিনিয়র আছেন, তারা খেলার সুযোগ পেয়েছেন। আমার কাছে মনে হয়, সুযোগ শেষ হয়নি। সামনে যদি কোনও আন্তর্জাতিক সিরিজ থাকে, ক্রিকেট বোর্ডের কাছে আমাদের চাওয়া থাকবে যেন আমরা এই মাঠে খেলতে পারি।’
নিগার আরও যোগ করে বলেছেন, ‘অনেক সমর্থকও আছেন, যারা চান আমরা এখানে খেলি। আশা করি, বোর্ড ভবিষ্যতে চেষ্টা করবে এখানে আয়োজনের জন্য।’
তবে নিগারের সহসাই আক্ষেপ দূর হচ্ছে না। কেননা বাছাই পর্ব খেলে এসে বাংলাদেশ দল খেলবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের সব ম্যাচই হবে সিলেটে। ফলে মিরপুরে খেলতে আরও অপেক্ষায় থাকতে হবে। তবে যেহেতু বাংলাদেশ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হয়ে গেছে। নিয়মিতই হোম কন্ডিশনে ম্যাচ খেলার সুযোগ তারা পাবে। ফলে বিসিবি চাইলে নিগার সুলতানার আক্ষেপ দূর করা কোনও ব্যাপারই না!









