আগামী বৃহস্পতিবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ক্যারিবিয়ান দলটিকেই চেয়েছিলো! বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে উইন্ডিজ যুবাদের হোয়াইটওয়াশ করেছিল জুনিয়র টাইগাররা।
স্বাভাবিকভাবেই চেনা প্রতিপক্ষকে পেয়ে উচ্ছ্বাসিত হওয়ার কথা বাংলাদেশ যুব দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের। তবে উচ্ছ্বাসিত না হয়ে তিনি বরং আরও বেশি সতর্ক। বাবুল মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে ভাবার কিছু নেই। আমরা ওদের সম্পর্কে জানি। ওরা আমাদের সম্পর্কে জানে। আমাদের দুর্বলতা এবং শক্তিশালী দিক যেমন ওদের কাছে পরিষ্কার আমাদের কাছেও তাই। এই জানাতে ওদের যেমন লাভ আছে, আমাদেরও তেমন লাভ আছে।'
মিজানুর রহমান মনে করেন, এই ধরনের ম্যাচে আগে থেকে কিছুই বলা যায় না। ম্যাচে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই দিনশেষে জয় পাবে। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা তিনটি ম্যাচ খেলেছি ওদের সঙ্গে। সবগুলো ম্যাচই আমরা জিতেছি। স্বাভাবিকভাবে মনে হতে পারে; আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে থাকবো। কিন্তু ক্রিকেটে ম্যাচে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জয় পাবে।’
সোমবার ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা পাকিস্তানের স্পিনাদের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। খুব সাবলীলতার সঙ্গে রান তুলেছে স্কোরবোর্ডে। বাংলাদেশে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের বিপক্ষে স্পিন আক্রমনের ফাঁদে ফেলার চেষ্টা করবে এটাই স্বাভাবিক। তবে সোমবার পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের পারফরম্যান্সে শঙ্কিত নন বাংলাদেশের যুব দলের কোচ। তার মতে, ‘আজকে ওরা সবদিক থেকে ভালো খেলেছে বলেই জিতেছে। পরের ম্যাচেও এমনটা নাও হতে পারে। তবে আমাদের স্পিন আক্রমণ অনেক ভালো। সব মিলিয়ে আমরা আশাবাদী ভালো রেজাল্টের ব্যাপারে।’
টানা খেলার কারণে মিরপুরের উইকেট কিছুটা স্লো। বিষয়টি নিয়ে চিন্তিত কিনা জানতে চাইলে মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমাদের মিরপুরের উইকেট এমনই থাকে সাধারণত! কেননা এই উইকেট অনেক বেশি ব্যবহার হচ্ছে। তাই উইকেটে ঘাস থাকাও সম্ভব নেই। উইকেট নিয়ে খুব বেশি ভাবছি না। যে কোন উইকেটে খেলার জন্য ছেলেরা প্রস্তুত আছে।’
ওপেনিং জুটি সেভাবে ক্লিক করতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম্বিনেশন নিয়ে কিভাবে চিন্তা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা টিম মিটিংয়ে নির্ধারিত হবে। আমারা সবাই মিলে একটি ভালো কম্বিনেশন দাঁড় করার চেষ্টা করবো। তবে ওপেনিং জুটি নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। ওরা হয়তো ইনিংসটি বড় করতে পারছে না। তবে আমি বিশ্বাস করি ওরা দ্রুতই তা করতে পারবে। সাইফ-পিনাক ঘোষ অত্যন্ত ভালো ব্যাটসম্যান। এটা নিয়ে সমস্যা হবে না।’
পিনাক ঘোষ ও জয়রাজ শেখ ঈমনের রানিং বিটুইন দ্য উইকেটে বেশ কিছু সমস্যা আছে। সেগুলো নিয়ে কাজ করেছেন বলে জানালেন যুব দলের কোচ। এছাড়া সেমিফাইনালের আগে দলের ক্রিকেটারর ভুলগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস করাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কয়েকদিন সময় পেয়েছি, সবার ভুলগুলো নিয়ে কাজ করেছি। একটি ম্যাচ জিতলেই আমরা ফাইনালে উঠে যাবো। তাই কোনও ভুল করতে চাই না। ছেলেরা জানে মাঠে তাদের কী করতে হবে। সবাই নিজেদের পরিকল্পনা মাফিক খেলার জন্য প্রস্তুত আছে।’
/আরআই/এমআর/








