পঞ্চমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় যুবারা। এদিন প্রথমে ব্যাট করে লঙ্কান যুবাদের ২৬৮ রানের টার্গেট দেয় ভারত। জবাবে মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।
মঙ্গলবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে তবে শুরুটা ভালো করতে পারেনি ভারতীয় যুবারা। দলীয় ২৭ রানের মধ্যেই দুই ওপেনার রিশাব পান্ত ও ইশান কিশানকে হারায় তারা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে সরফরাজ খানকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন আনমলপ্রিত।
আনমলপ্রিত ৯২ বলে ছয় চার ও এক ছয়ে সর্বোচ্চ ৭২ রান করে আউট হন। ৫৯ রান আসে সরফরাজের ব্যাট থেকে। দুই ওপেনার বাজে খেললেও দায়িত্বটা ভালোই কাঁধে নেন মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে নামা ওয়াশিংটন সুন্দার করে ৪৩ রান। আর পরের ব্যাটসম্যান আরমান জাফরের ব্যাট থেকে আসে ২৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান করে ভারত।
লঙ্কান যুবাদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান আশিথা ফার্নান্দো। আর দুটি করে উইকেট পান লাহিরু কুমারা ও থিলান নিমেশ।
২৬৮ রানের জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ৪২.৪ ওভারে ১৭০ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সব্যসাচী বোলার কামিন্দ মেন্ডিস। তিনি ৬৭ বলে ৪ চারে ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া সাম্মু আশান ৩৮ ও ভিসাদ রান্দিকা ২৮ রানের ইনিংস খেলেন।
ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মান্যখ ড্যাগার । তিনি ৫.৪ ওভার বল করে ২১ রান খরচ করেন। এছাড়া দুটি উইকেট নেন আভেষ খান।
/আরআই/








