টি-টোয়েন্টির কথা এলে জসপ্রিত বুমরাহর নাম অবধারিতভাবেই আসবে। আর সেই বিশেষজ্ঞ বোলারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না ভারত। পিঠের চোটে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। ফলে চার সপ্তাহের এই ইভেন্টে ঘরে দর্শকের ভূমিকায় টিভি সেটের সামনে বসে থাকা ছাড়া উপায় নেই তার। এই যখন নিয়তি; তখন সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা গ্রাস করছে বুমরাহকে। সোশ্যাল মিডিয়ায় নিজের মানসিক অবস্থার তুলে ধরেছেন।
২৮ বছর বয়সী বুমরাহ টুইটারে লিখেছেন, ‘এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হতে না পারায় ভীষণ হতাশ আমি। কিন্তু যারা আমাকে সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা বার্তা, সমর্থন ও ভালোবাসা জানাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
অবশ্য দলের সঙ্গে থাকতে না পারলেও তাদের হয়ে উল্লাস করার মুহূর্তটা কোনওভাবেই হাতছাড়া করতে চাইছেন না। দলকে শুভেচ্ছা জানিয়ে আরও লিখেছেন, ‘এই চোট সারিয়ে ওঠার সময়টাতে অবশ্য দলের অস্ট্রেলিয়া ক্যাম্পেইনে উল্লাস করবো।’
ভারতের পেস বোলিংয়ের মূল অস্ত্র বুমরাহর ছিটকে যাওয়া নিঃসন্দেহে দলটির জন্য বড় ধাক্কার। এর ফলে ২০০৭ সালের পর আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড তার বদলি কারও নাম ঘোষণা করেনি। তবে স্ট্যান্ডবাই হিসেবে মোহাম্মদ সামি ও দীপক চাহারের নাম থাকায় বিকল্প রয়েছে।
এদিকে, সম্প্রতি দ্য আইসিসি রিভিউতে সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন বলেছেন, ‘জসপ্রিত বুমরাহ খেলতে না পারলে তার বদলে আমি মোহাম্মদ সিরাজকে দলে রাখবো। কারণ তার মধ্যে সেই বারুদটা রয়েছে।’









