বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজ কাল হয়ে এলো নিউজিল্যান্ডের। যে সিরিজটাকে প্রস্তুতির মঞ্চ ভাবা হচ্ছিল। তার জন্য অনুশীলনে ব্যাট করতে গিয়ে আহত হয়েছেন স্বাগতিক দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ড্যারিল মিচেল। তাতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে তো গেছেনই। অনিশ্চিত হয়ে পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও!
নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান মিচেল। পরে দেখা গেছে আঘাতের ফলে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। অথচ কালকেই কিউইদের পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। মিচেলের সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘যখন ক্রিটের রোমাঞ্চকর একটা সময় দ্বারপ্রান্তে, ঠিক এই সময়ে মিচেলের চোট খুবই দুঃখজনক। টি-টোয়েন্টি দলে সে আমাদের গুরুত্বপূর্ণ একজন। ত্রিদেশীয় সিরিজে অবশ্য তার মতো একজন অলরাউন্ডারের দক্ষতা ও বৈচিত্র্য নিশ্চিতভাবেই মিস করবো।’
অবশ্য বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ হতে যেহেতু দুই সপ্তাহের বেশি সময় বাকি। তাই গ্যারি স্টিড চূড়ান্ত কিছু জানানোর আগে অপেক্ষা করছেন, ‘যেহেতু বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ হতে দুই সপ্তাহের বেশি সময় বাকি। তাই ড্যারিল মিচেলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে।’
মিচেল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কিউইদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছায় তারা। এর পর থেকে সংক্ষিপ্ততম ফরম্যাটে ১৩ ইনিংসে মিচেল ১৪৪.৭১ স্ট্রাইক রেটে করেছেন ৩০১ রান।
বিশ্বকাপে নিউজিল্যান্ড সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে খেলবে। তাদের গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও প্রথম পর্ব থেকে আসা দুটি দল। তাদের প্রথম ম্যাচ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ অক্টোবর।









