টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য বলতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়। তাছাড়া যার বিপক্ষেই খেলতে নেমেছে, ধুঁকতে থাকার নজির স্থাপন করেছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও ব্যতিক্রম নয়। ইতোমধ্যে দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স ছিল সাকিব আল হাসানদের। কাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামার আগে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের কথা শুনে মনে হচ্ছে- দলে কোনও সমস্যাই নেই। বরং ভক্ত থেকে শুরু করে গণমাধ্যমকে ধৈর্য ধরার বিশেষ অনুরোধ করেছেন। পাশাপাশি দাবিও করেছেন যে, টি-টোয়েন্টির মৌলিক দল পেয়ে গেছেন তিনি।
ম্যাচের আগের দিন বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শ্রীরাম বলেছেন, ‘সব সমর্থক ও মিডিয়াকে অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই দলে আমাদের মূল্যবোধগুলোর একটি হলো বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেওয়া।’
কুড়ি ওভারের ফরম্যাটের জন্য মৌলিক দল পাওয়ার দাবি করে শ্রীরাম বলেছেন, ‘আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষাতেও আছি। সবকিছুর উত্তর পাবো আমরা, দল ঠিকঠাক করে ফেলবো। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেবো।’
আর এক সপ্তাহ পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। শ্রীরাম দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের পারফরম্যান্সে ‘ইনটেন্ট’ ও ‘ইমপ্যাক্টের’ কথা বললেও তেমন কিছু দেখা যায়নি। তারপরও শিষ্যদের ওপর আস্থা রাখছেন তিনি, ‘প্রতিদিন আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। প্রত্যেককে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। শেখা হচ্ছে, অনেক উন্নতিও দেখছি। মিডল অর্ডারে উন্নতির অনেক ছাপ রেখেছে। রাব্বি একদিন ফিনিশিংয়ের কাজ করেছে, হারিস রউফের বিপক্ষেও ভালো খেলেছে। নুরুল সেদিন ট্রেন্ট বোল্টের বিপক্ষে শেষ করেছে; এটা ইতিবাচক। হারিস, বোল্ট এরা অন্যতম সেরা। শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, সেটাও উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে (আসলে ৩৩ রান) আউট হয়ে গেছে, তারপরও যেভাবে বোল্ট-সাউদির সামনে ব্যাট করেছে, নিশ্চিতভাবে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে।’
গত দেড় বছরে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে লিটন সবচেয়ে সফল হলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়মিত মেকশিফট ওপেনার দিয়েই কাজ চালানো হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও যে সেটা চলমান থাকবে, তার আভাস ছিল শ্রীরামের কথায়, ‘মিডল অর্ডারে সাকিব এসেছে। আফিফ ও লিটন আছে। তারা খেলতে পারলে আমার মনে হয় বেশ ভালো ব্যাটিং লাইনআপ হবে।’








