আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুটা ভালো হচ্ছে না বাংলাদেশের ব্যাটসম্যানদের। কোন ম্যাচেই ওপেনিং জুটি সফল হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং জুটি সফল হবে বলে আত্মবিশ্বাসী যুব দলের অধিনায়ক মিরাজ। কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার দ্রুত গতির বোলারদের বিপক্ষেই ভালো ব্যাটিং করি। কম গতির বোলারদের খেললে, মিস টাইমিং হওয়ার চান্স বেশি থাকে।’
তিনি আরও যোগ করেন, ‘দ্রুত গতির বোলারদের বিপক্ষে খেলতে আমরা সব সময় আত্মবিশ্বাসী থাকি। আমরা দক্ষিণ আফ্রিকায় খেলে এসেছি। ঘরের মাঠে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছি। আমাদের ওপেনিং ব্যাটসম্যান যারা আছে তারা ফাস্ট বোলারদের বিপক্ষে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এই টুর্নামেন্টে আমরা ইতিমধ্যে ৪টি ম্যাচ খেলেছি। সেখানে ওইরকম কোনও গতিময় বোলার ছিলো না। এই জন্য আমাদের ওপেনিং কিছুটা সমস্যা হয়েছে! আশা করি কালকের ম্যাচটিতে অনেক ভালো খেলবে সবাই।’
নেপালের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েও ম্যাচ জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন জায়গায় খেলে কঠিন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়; এই ধরনের অভিজ্ঞতা নিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দলে সবার মধ্যে একটি বিশ্বাস আছে, সবাই যে কোনও পরিস্থিতিতে ভালো খেলার যোগ্যতা রাখে। আমরা কখনো নেতিবাচক চিন্তা করি না। শেষ ম্যাচটায় (নেপালের বিপক্ষে) যেমন পরিস্থিতিতে আমি ব্যাটিং করেছি ওই পরিস্থিতিতে আমি খেলতে পছন্দ করি এবং উপভোগ করি।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কায় বিপক্ষে সিরিজ খেলে ওখানে পর পর দুটি ম্যাচ আমরা হেরেছিলাম; এরপর টানা তিন ম্যাচ জিতে সিরিজ জিতেছি। ওইসব কন্ডিশনে গিয়ে গিয়ে আমরা চাপ নেওয়া শিখেছি। এগুলো এখন আমাদের কাজে লাগছে।’
/আরআই/এমআর/








