টানা দুই দিন এমন ঘটলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগীদের কাছে হারের লজ্জা পেলো টেস্ট খেলুড়ে দুই গ্রুপ ফেভারিট শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ। নামিবিয়ার পর সোমবার অঘটনের জন্ম দিয়েছে স্কটল্যান্ড। অসাধারণ এই জয়ে স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন বলেছেন, ‘জয়টা আমাদের কাছে বিশেষ।’
গত আসরেও টুর্নামেন্টে চমক দেখিয়েছিল স্কটিশরা। হারিয়েছে বাংলাদেশকে। দুই আসরে তাদের এমন কৃতিত্ব অবশ্যই প্রশংসার দাবি রাখে। বেরিংটন জানিয়েছেন, ‘কঠোর পরিশ্রমের কারণে আমরা আজ এই পর্যায়ে। আর এই পরিশ্রম গত ১২ মাস ধরে করেছি।’
টস হেরে ব্যাট করা স্কটল্যান্ড ৫ উইকেটে ১৬০ রান জমা করেছে স্কোরবোর্ডে। যার পেছনে বড় অবদান জর্জ মানসির। ৫৩ বলে ৬৬ রানে অপরাজিত থেকেছেন। জবাবে দলটির ধীর গতির বোলারদের নৈপুণ্যে খেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। অথচ ৫.৪ ওভারে একটা পর্যায়ে ১ উইকেটে তারা ৫৩ রান তুলে ফেলেছিল! সেখান থেকে মাত্র ২৬ রানে পড়েছে ৭ উইকেট!
বামহাতি স্পিনার মার্ক ওয়াট ছিলেন সবচেয়ে সেরা। ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। অফস্পিনার মাইকেল লিস্ক তো বিপজ্জনক নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের উইকেট নিয়েছেন। টপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুটিটি ভেঙেছেন ডানহাতি পেসার ব্র্যাড হুইল। অসাধারণ এই নৈপুণ্যের পর টানা দ্বিতীয়বার সুপার টুয়েলভে খেলার অপেক্ষায় স্কটল্যান্ড। এমন অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বেরিংটন বলেছেন, ‘ছেলেরা আজ রাতে যা করেছে, তাতে আমি সত্যিকার অর্থে অনেক গর্বিত।’
টুর্নামেন্ট পরাজয়ে শুরু করায় র্যাঙ্কিংয়ের সাত নম্বর দল ওয়েস্ট ইন্ডিজকে পরের পর্বে যেতে হলে বাকি দুটি ম্যাচই জিততে হবে।









