প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার শঙ্কা জন্মে। পরের ম্যাচে হারলেই আগেভাগে ধরতে হতে পারে দেশে ফেরার বিমান। ভুল করেনি ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে ক্যারিবিয়ানরা।
আজ (বুধবার) জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লসের ৪৫ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে ক্যারিবিয়ানরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১২২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এই জয়ে ‘বি’ গ্রুপের লড়াই জমে উঠলো। ২ ম্যাচ শেষে চার দলের সবার সমান ২ পয়েন্ট।
হোবার্টের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। ১৩ রানে বিদায় নেন ওপেনার কাইল মায়ার্স। তবে আরেক ওপেনার চার্লসের ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় ক্যারিবিয়ানরা। এই ওপেনার ৩৬ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪৫ রান। রোভম্যান পাওয়েল ২১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ২৮ রান। এছাড়া আকিল হোসেনের ব্যাট থেকে আসে ২৩ রান।
জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার সিকান্দার রাজা। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের তোপের মুখে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৯ রান করেছেন লুক জঙ্গোয়ে। এছাড়া ওয়েসলি মাদেভেরে ১৯ বলে করেন ২৭ রান।
আফ্রিকার দেশটির ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন জোসেফ। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে হোল্ডার ৩.২ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট।







