ঘরের মাঠে বিশ্বকাপ, অথচ প্রথম ম্যাচে কিনা খরকুটোর মতো উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া! জমে থাকা ক্ষোভ বিস্ফোরক রূপ নিলো শ্রীলঙ্কার বিপক্ষে। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। যে জয়ের রূপকার মার্কাস স্টোইনিস। তার তাণ্ডবে লঙ্কানদের নিয়ে ছেলেখেলায় মেতেছিল অজিরা।
আজ (মঙ্গলবার) পার্থ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে লঙ্কানারা স্কোরে জমা করে ১৫৭ রান। সেই লক্ষ্য স্টোইনিসের ১৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২১ বল আগেই জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ধাক্কা কাটিয়ে বড় জয় নিয়ে পথে ফিরলো কুড়ি ওভারের বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পা হড়কেছিল স্বাগতিকদের। ১১ রানে ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনে নামা মিচেল মার্শ ভালো শুরু পেলেও ১৭ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। অন্যপ্রান্তে থাকা অধিনায়ক অ্যারন ফিঞ্চ করছিলেন মন্থর ব্যাটিং।
গ্লেন ম্যাক্সওয়েল মাঠে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসে টি-টোয়েন্টির ছোঁয়া দিলেও সেটির স্থায়ীত্ব বেশিক্ষণ ছিল না। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করে বিদায় নেন ম্যাক্সওয়েল। এরপরই শুরু স্টোইনিসের তাণ্ডব। ডানহাতি ব্যাটার ক্রিজে নেমে একের পর এক বল সীমানা ছাড়া করেন। মাত্র ১৭ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৮ বলে খেলেন হার না মানা ৫৯ রানের ইনিংস, যাতে ছিল ৪ বাউন্ডারি ও ৬ ছক্কার মার। ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে। অন্যদিকে ফিঞ্চ ৪২ বলে ১ ছক্কায় অপরাজিত থাকেন ৩১ রানে।
শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে ও মাহিশ থিকশানা প্রত্যেকে নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুতেই হারায় কুশল মেন্ডিসের উইকেট। ওই ধাক্কা সামলে পাথুম নিসানকা করেন ৪০ রান। ৩৮ রান আসে চারিথ আসালঙ্কার ব্যাট থেকে। এছাড়া ২ রান করেন ডি সিলভা।
অস্ট্রেলিয়ার পাঁচ বোলার- জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাশটন অ্যাগার ও ম্যাক্সওয়েল প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।









