টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ যেখানে জয়ে শুরু করেছে, দক্ষিণ আফ্রিকা সেখানে হোঁচট খেয়েছে। সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে জেতা ম্যাচটায় পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার লাল-সবুজদের বিপক্ষে চাপে থাকার কথা দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি, সেটা স্বীকার করছেন। কিন্তু তিনি মনে করেন, একই চাপ কাজ করছে বাংলাদেশেরও!
সাকিব আল হাসান ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের তুলনায় প্রোটিয়ারাই এখন চাপে। বাংলাদেশ অধিনায়কের কথার পরিপ্রেক্ষিতে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির জবাব ছিল, ‘আমার মনে হয় এমন টুর্নামেন্টে কেউ যদি জয়ের খোঁজে থাকে। সেক্ষেত্রে সবাই চাপে আছে।’
বৃষ্টি বেশ কয়েকবার বিঘ্ন ঘটিয়েছে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচটায়। পরিধি কমে আসায় জিম্বাবুয়ে ৯ ওভারে প্রোটিয়াদের ৮০ রানের লক্ষ্য দিয়েছিল। পরে কুইন্টন ডি কক ঝড়ে অবস্থা এমন দাঁড়ায় ২৪ বলে জয়ের জন্য প্রয়োজন পড়ে আর ১৩ রান। কিন্তু বৃষ্টির হানায় পরে ম্যাচটাই পরিত্যক্ত হয়েছে। এখন প্রোটিয়াদের জয়ের জন্যে মরিয়া থাকা স্বাভাবিক। লুঙ্গি এনগিদি জানিয়েছেন, ‘ওরা যদি এভাবে ভেবেই থাকে যে আমরা জয়ের জন্য ক্ষুধার্ত, তাহলে সেটা অবশ্যই সত্যি। প্রথম ম্যাচে অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম। আমরা ভালো করেই জানি এই মুহূর্তে কীরকম চাপ কাজ করছে। তবে যদি এটা বলা হয় যে শুধু আমরাই চাপে; তাহলে বলতে হবে বিশ্বকাপ জিততে গেলে এই চাপ ওদের জন্যও সমান।’
কালকের ম্যাচে নিজেদের শক্তির জায়গা পেস আক্রমণে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া এই পেসার বলেছেন, ‘বাংলাদেশকে নিজেদের শক্তির জায়গা পেস আক্রমণ দিয়ে ঘায়েল করতে চাই। আর সেটা নির্ভর করছে ওরা কতটুকু সামাল দিতে পারে। এখন কাল দেখা যাক। কিন্তু সব মিলে আমরা যেটাতে ভালো, সেটা নিয়ে এগিয়ে যাবো।’









