টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনা নিয়ে বিপদে আছে অস্ট্রেলিয়া দল। ভাইরাসটির দ্বিতীয় শিকার হয়েছেন উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড। অথচ কালকে ইংল্যান্ডের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। কোভিড পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনেও ওয়েড অংশ নেননি।
ওয়েডের মতো কোভিড পজিটিভ হওয়ায় অ্যাডাম জাম্পা অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামেননি। ওয়েডের বেলায় হয়তো অজি টিম ম্যানেজমেন্ট একই কৌশল অনুসরণ করবে না। টুর্নামেন্টে যেহেতু করোনা নিয়েও খেলতে নামার ব্যাপারে বিধিনিষেধ নেই। তাই ভেতরের খবর, অজি উইকেটকিপার ব্যাটার খেলতে নামতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে। তার উপসর্গও হালকা ধরনের। তবে এক্ষেত্রে নিয়ম মেনে দল থেকে তাকে আলাদাভাবে মাঠে ঢুকতে হবে। দলের সঙ্গে একই ড্রেসিং রুমও ভাগাভাগি করা যাবে না।
জাম্পার বেলাতেও একই নিয়ম মানা যেত। কিন্তু তার বিকল্প হিসেবে অ্যাশটন অ্যাগান থাকায় তাকে বিশ্রাম দিতেই রক্ষণশীল মনোভাব দেখিয়েছে মেডিক্যাল স্টাফরা। ওয়েডের বেলায় অবশ্য বিকল্প নেই। কারণ অজিদের বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটকিপার ব্যাটার তিনিই।
এদিকে, অ্যাডাম জাম্পা ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরছেন। কোভিড নেগেটিভ হওয়ায় বৃহস্পতিবার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে অনুশীলনও করেছেন।








