যুগান্তকারী সিদ্ধান্তে ভারতের ক্রিকেটে দূর হলো নারী-পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বৈষম্য। এখন থেকে ক্রিকেটের তিন সংস্করণে সমান ম্যাচ ফি পাবেন রোহিত শর্মা ও হারমানপ্রীত কৌররা।
নতুন সিদ্ধান্তে নারী-পুরুষ ক্রিকেটাররা এক টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পাবেন। ওয়ানডেতে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে পাবেন ৩ লাখ রুপির মতো। আগে মেয়েদের টেস্টে ম্যাচ ফি মিলতো আড়াই লাখ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১ লাখ রুপি।
এই পদক্ষেপকে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণের প্রথম পদক্ষেপ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ।
অবশ্য ম্যাচ ফিতে বৈষম্য দূর হলেও মেয়েদের বার্ষিক বেতনে তার ছাপ পড়ছে না। অর্থাৎ এক্ষেত্রে আগের নিয়মেই বোর্ড অর্থ দেবে। মেয়েদের বেলায় কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরির একজন ৫০ লাখ রুপি করে পেয়ে থাকেন। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ লাখ ও ‘সি’ ক্যাটাগরিতে ১০ লাখ। তুলনায় সর্বোচ্চ ক্যাটাগরির পুরুষ ক্রিকেটার ৭ কোটি রুপি পেয়ে থাকেন। তাদের ক্ষেত্রে ক্যাটাগরিও চারটি। এ+ ক্যাটাগরি ৭ কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরি ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরি ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির পুরুষ ক্রিকেটার পান ১ কোটি রুপি।









