চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন মৌসুমে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের তালিকায় স্থান পেয়েছেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের তিন ক্রিকেটার। অক্টোবর মাসের সেরার লড়াইয়ে আছেন-বিরাট কোহলি, ডেভিড মিলার ও সিকান্দার রাজা।
তিনজনের মধ্যে কোহলি-মিলার এবারই প্রথম মাসসেরার লড়াইয়ে স্থান পেয়েছেন। রাজা সেরা নির্বাচিত হয়েছেন আগস্ট মাসের।
গত মাসে চারটি ইনিংস খেলেছেন কোহলি। তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের ম্যাজিক্যাল ইনিংসটিও আছে। কোহলি নিজেও সেটাকে ক্যারিয়ারের সেরা ইনিংস বলে স্বীকৃতি দিয়েছেন। তাছাড়া মাসের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষেও ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস উপহার দিয়েছেন।
একই ফর্ম ডেভিড মিলারেরও। ভারত সফরে ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচটা যদিও তারা হেরেছে। তবে সেই হারের বদলা ঠিকই নিয়েছেন পার্থের বিশ্বকাপে। ৫৯* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। গত মাসে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ৭টি ইনিংস খেলেছেন। তার মধ্যে ৬টিতেই অপরাজিত ছিলেন। বামহাতি প্রোটিয়া ব্যাটার তুলেছেন ৩০৩ রান। স্ট্রাইক রেটও ছিল ১৪৬.৩৭।
অপর দিকে জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজার বিধ্বংসী ফর্মও কম আলোচিত নয়। জিম্বাবুয়ের প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করতে বড় অবদান ছিল তার। শুরুটাই করেন বিস্ফোরক ইনিংসে। ৪৭ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। বল হাতেও সমানভাবে ভূমিকা রাখছেন। ২২ রানে নেন ১ উইকেট। তার পর তো স্কটল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ৪০ রান করার পাশাপাশি ২০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়েও বল হাতে বড় ভূমিকা ছিল তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর পাকিস্তানকে হারাতে ২৫ রানে নিয়েছেন সমসংখ্যক উইকেট।









