পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ জিতেছিল বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার শুরু হয়েছে ৪৫ ওভারের ওয়ানডে সিরিজ। সেখানেও প্রথম ম্যাচ জয়ে রাঙিয়েছে লাল-সবুজ দল। মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের জোড়া হাফসেঞ্চুরিতে স্বাগতিদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মারুফ মৃধার দারুণ বোলিংয়ে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান। ২০৩ রানের জবাবে খেলতে নেমে সফরকারীরা দারুণ শুরুও পায়। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের ১৬০ রানের জুটিতে জয়ের পথটা সহজেই তৈরি হয়ে গেছে। এরপর তিন উইকেট হারালেও ২৯ বল আগে ৭ উইকেটের জয় নিশ্চিত হয় যুবাদের। রিজওয়ান ১৪৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেছেন। আশিকুর ১৫২ বলে ৮ চারে খেলেন ৭৪ রানের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পাকিস্তান শুরু থেকেই ছিল দিশাহীন। বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন স্বাগতিক ব্যাটাররা। ৩ রানে ৩ উইকেট হারানো দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন উজাইর মমতাজ ও আরাফাত মিনহাস। ৭৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন আরাফাত। অন্যদিকে উজাইর খেলেন ১০১ বলে ৫৭ রানের ইনিংসে। জোড়া এই হাফসেঞ্চুরিতে পাকিস্তান নির্ধারিত ৪৫ ওভারে ২০২ রান তুলতেই অলআউট হয়েছে।
বাংলাদেশি বোলারদের মধ্যে মারুফ মৃধা সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ রাফি নিয়েছেন দুটি উইকেট।









