তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২১৫ রান। শনিবার টস জিতে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন চারিথ আসালাঙ্কা। তিনি ৯৯ বল খেলে ৬ চার ও এক ছয়ে তার এই ইনিংসটি সাজিয়েছেন।
এছাড়া ওপেনার সালিন্দু পেরেরা ৩৪ ও উয়াইন্ডো হাসারাঙ্গা (৩০) রান করেছেন দলের পক্ষে। লঙ্কান ব্যাটসম্যানদের রান আরও বেশি হতে পারতো। যদিও না সাইফউদ্দিনের করা ৪৪তম ওভারে পর পর দুই উইকেট না পড়তো। উয়াইন্ডো হাসারাঙ্গা (১০) ও জায়েন ড্যানিয়েলকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে শেষ অব্দী ডামিথা সিলভার প্রতিরোধে সাইফউদ্দিনের চেষ্টা বৃথা যায়।
শেষ দিকে আরেক পেসার আব্দুল হালিমের বোলিংয়ে দিশেহারা হয়ে ৭ বল বাকি থাকতেই অলআউট হয় শীলঙ্কা।
বোলারদের মধ্যে বাংলাদেশ দলের অধিনায়ক মিরাজ একাই নিয়েছেন ৩টি উইকেট। তিনি ১০ ওভারে ২৮ রান খরচায় এই তিনটি উইকেট নিয়েছেন। সাইফ উদ্দিন ও আব্দুল হালিম ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ও সালেহ আহমেদ শাওন।
প্রসঙ্গত, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশের চোখ এখন শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করা। টুর্নামেন্টে তৃতীয় হওয়াটাকেও বড় অর্জন হিসেবে দেখছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, ২০০০ সালে শ্রীলঙ্কা নিজেদের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। এরপর ৭টি বিশ্বকাপে অংশ নিলেও শিরোপার কাছাকাছি যেতে পারেনি লঙ্কানরা। এবারও তারা সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়।
/আরআই/








