সাগরিকার বুকে জয়ের খোঁজে দুই দল

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৩ ডিসেম্বর ২০২২, ২১:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২১:৫০

টেস্টে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। ২০০০ সালের নভেম্বরে ক্রিকেটের অভিজাত আঙিনায় অভিষেকে খুব একটা খারাপ খেলেনি টিম বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ভারতের বিপক্ষে ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে সাফল্য বলতে দুটি ড্র, সেখানেও আবার ছিল বৃষ্টির আশীর্বাদ। সবমিলিয়ে ভারতের বিপক্ষে অভিজাত ফরম্যাটে এখনও পেরে উঠেনি সাকিব-মুশফিকরা। অসম প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে নয়টায় ম্যাচটি মাঠে গড়াবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

ফুটবল বিশ্বকাপ নিয়ে বুদ হয়ে আছে বাংলাদেশের সমর্থকরা। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল উত্তেজনার আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালটি মাঠে গড়াবে। ম্যাচটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা ব্যবধানে (সকাল সাড়ে নয়টা) শুরু হবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট। লিওনেল মেসির ভক্ত সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কাতারে গিয়ে আর্জেন্টিনা-মেক্সিকোর ম্যাচ মাঠে বসে দেখেছেন।

সেই সাকিবরাই উত্তেজনাকর ম্যাচটি উপভোগ করতে পারবেন না! কেননা রাত একটায় শুরু হওয়া ম্যাচ শেষ হতে অন্তত তিনটা বাজবে। ম্যাচ টাইব্রেকারে গেলে আরও এক ঘণ্টা নির্ঘুম কাটাতে হবে! এভাবে খেলা দেখার পর সকাল আটটায় মাঠে গিয়ে সাকিবদের জন্য ম্যাচ খেলা খুব কঠিন। ফলে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ক্রিকেটারদের খেলা দেখায় অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন।

 ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে কোনওভাবেই বাংলাদেশকে এগিয়ে রাখার সুযোগ নেই। গত ২২ বছরে দুই দেশ টেস্টে মুখোমুখি হয়েছে ১১ বার। বাংলাদেশের ৯ হারের পাশে দুইবার ড্র হওয়ার ঘটনা বৃষ্টির কল্যাণে। দুদলের লড়াইয়ে বাংলাদেশ প্রথম ড্রয়ের স্বাদ পায় ২০০৭ সালে, চট্টগ্রামে। এই চট্টগ্রামেই বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে নতুন শুরুর প্রত্যাশা নিয়ে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা অফফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে।  টপ অর্ডার থেকে মিডল অর্ডার; বেশ কিছু ক্রিকেটার নেই সেরা ছন্দে। মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম চেনা ছন্দে নেই।  তার মধ্যে সাগরিকার সাম্প্রতিক পরিসংখ্যানও উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। চট্টগ্রামে শেষ চার টেস্টে তিনটিই হেরেছে বাংলাদেশ। সাকিবের দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার শুরুর ম্যাচ আফগানিস্তানের কাছে হেরেছিল স্বাগতিকরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে ম্যাচ হারে মুমিনুলের দল। যদিও সবশেষ শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে।

সাগরিকার বুকে জয়ের খোঁজে দুই দল

লঙ্কানদের বিপক্ষে সেই ড্র এবং ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বুধবার মাঠে নামতে মুখিয়ে সাকিবরা। রাসেল ডমিঙ্গো শিষ্যদের সেই বার্তাই দিয়ে রেখেছেন, ‘আমরা জানি ভালো দলের বিপক্ষে লড়তে যাচ্ছি যারা এই কন্ডিশনের সঙ্গে খুব অপরিচিত নয়। আমরা প্রতিটি সিরিজই জিততে চাই। যেহেতু সিরিজটি আমাদের দেশে হচ্ছে নিশ্চয়ই ছেলেদের থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশায় আছি। আমরা ম্যাচটা পঞ্চম দিনে টেনে নিতে চাই। বাস্তবসম্মতভাবে আমাদের সেই সুযোগটি আছে তাদের হারানোর, যদি আমরা ভালো খেলি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের নড়বড়ে অবস্থায় থাকা ভারত এই সিরিজ থেকে পূর্ণ ২৪ পয়েন্ট তুলে নিতে মুখিয়ে আছে। সেটি করতে হলে বাংলাদেশের ২০ উইকেট তুলে নিতে হবে। ভারতের বোলিং কোচ পরাস মামব্রে মনে করেন ভারতের বোলাদের সেই স্কিল আছে, ‘প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের অবস্থান থেকে বলছি, আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে। আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা না করে নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছি। উইকেট নেওয়ার জন্য অনেক কিছুর ওপর নির্ভর করতে হয়। যেমন কন্ডিশন, ম্যাচ পরিস্থিতি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুততম সময়ে তাদের ২০ উইকেট তুলে নেওয়া। আমরা যদি সেই পথ খুঁজে পাই, তাহলে টেস্ট ক্রিকেট নিয়ন্ত্রণে রাখতে পারব।’

বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে উঠতে পারে বিরাট কোহলির না খেলা। পিঠের পুরনো চোট মাথা চাড়া দিয়েছে কোহলির। মঙ্গলবার অনুশীলনে বেশিক্ষণ ব্যাটিংও করতে পারেননি তিনি। রোহিতের পর কোহলি ছিটকে গেলে ভারতের জন্য এটি বড় ধাক্কা হবে। এছাড়া ইনজুরিতে আগেই ছিটকে গিয়েছেন মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা। এমন অবস্থায় ভারতকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। 

তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর সাকিবের খেলতে পারা। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল নয়টায় টস করতে নামবেন সাকিব। যদিও প্রথম টেস্ট খেলা হচ্ছে না তাসকিনের। তাসকিন না খেললে দুই পেসার এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের খেলা নিশ্চিত। এছাড়া এই দুই পেসারের সঙ্গে বোলিং আক্রমণে দেখা যাবে সাকিব, মিরাজ ও তাইজুলকেই। টপ অর্ডারে দেখা দেখা যাবে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল হাসান জয়কে। ওপেনিংয়ে অভিষেক হচ্ছে জাকির হাসানের। এছাড়া অনুমিতভাবেই মিডল অর্ডারে আছেন মুশফিকুর রহিম, লিটন দাসরা। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন নুরুল হাসান সোহান।

/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম