ভারতের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো টস হেরে সকালটা শুরু করেছিল বাংলাদেশ। তার পরেও চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিতে পেরেছে। যে কোনও উইকেটে শুরুতে বোলিংয়ের কিছু সুবিধা থাকে। সেই সুবিধাটুকু শুরুর ১৩ ওভার কাজে লাগাতে পারেনি বোলাররা। তবে পরের ১৩ ওভারে ভারতের টপ অর্ডার তিন ব্যাটারকে ফিরিয়ে সফরকারীদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছে। প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৫ রান। ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (১২) ও ঋষভ পান্ত (২৯)।
শুভমান গিল ও লোকেশ রাহুলের সাবধানী শুরুতে প্রথম ১৩ ওভারে বাংলাদেশের বোলাররা সুযোগ তৈরি করতে পারেননি। প্রথম ৭ ওভারেই সাকিব তিন বোলারকে ব্যবহার করেছেন। এই সময় ছয়টি বাউন্ডারি হজম করতে হয়েছে স্বাগতিক তিন বোলারকে। অবশেষে প্রথম ঘণ্টার শেষ ওভারে গিয়ে সাফল্য পায় স্বাগতিক দল। ইয়াসির আলীর দূর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন শুবমান (২০)। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা ফুল লেন্থের বল প্যাডেল সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তাতে ৪১ রানে উদ্বোধনী জুটি ভাঙে ভারতের।
সঙ্গীকে হারিয়ে বেশিদূর যেতে পারেননি লোকেশ রাহুলও। ধারাবাহিক ভাবে স্ট্যাম্প বরাবর বোলিংয়ের পুরস্কার পেয়েছেন খালেদ আহমেদ। স্ট্যাম্প বরাবর তার একটি বল ব্যাটের কানায় লেগে আঘাত করে স্ট্যাম্পে। তাতে ভারতের অধিনায়ক রাহুলকে ২২ রানে থামতে হয়েছে। সাফল্য অব্যাহত থাকে পরের ওভারেও। প্রথম বল থেকে ধারাবাহিক ভাবে ভালো বোলিং করা তাইজুল তুলে নেন কোহলির উইকেট। তাইজুলের বলটি পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করে এলবিডাব্লিউর শিকার হয়েছেন তারকা এই ব্যাটার। পূজারার সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েও কাজ হয়নি। কোহলি ৫ বল খেলে ১ রান করে ড্রেসিংরুমে ফিরে গেছেন।
কোহলির আউটর পর প্রথম সেশনের বাকি সময়টুকু অনায়াসেই পেরিয়ে গেছেন পূজারা ও পান্ত। পান্ত তার স্বভাব সুলভ ব্যাটিংয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করছেন। দুইজন ৩৭ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। ২৬ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন পান্ত। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুলের শিকার দুটি এবং খালেদে শিকার এক উইকেট।








