ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্বস্তিতে পার করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার পর দিনের শেষভাগে সাফল্য ছিল না বল হাতেও। তবে দ্বিতীয় দিনের প্রায় দুই সেশনে নিজেদের আধিপত্য ধরে রাখতে পেরেছে স্বাগতিক দল। প্রথম সেশনে তাইজুলের তিন উইকেট শিকারের পর লাঞ্চ বিরতি থেকে ফিরেই সাফল্যের দেখা পেয়েছেন তাসকিন। সাজঘরে পাঠিয়েছেন তারকা ব্যাটার বিরাট কোহলিকে। ৪৯ ওভার শেষে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ১৬০।
জুটি গড়ে খেলছেন ঋষভ পান্ত (৫০) ও শ্রেয়াস আইয়ার (২৯)। পান্ত ১১তম ফিফটি তুলে নিয়েছেন। ভারত এখনও পিছিয়ে ৬৭ রানে।
বিরতি থেকে ফিরে প্রথম ওভার করতে এসেই সাফল্য পান তাসকিন। যা আবার এই পেসারের ঘরের মাঠে প্রথম টেস্ট। উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাকে। অফস্ট্যাম্পের পাশে গা ঘেঁষা ডেলিভারি করেছিলেন। দারুণ সিম আপ ডেলিভারিতে হালকা বাউন্সও ছিল। বিরাট কোহলি ব্যাট ঠিকমতো সরাতেও পারেননি। তার আগেই ব্যাটে চুমু পেয়ে বল চলে যায় সোহানের গ্লাভসে। তাতে ৭৩ বলে ২৪ রানে ফিরেছেন কোহলি।
বিরাট কোহলিকে লাঞ্চের আগেই ফেরানো যেত! তবে কঠিন ছিল সেই ক্যাচ। মেহেদী হাসান মিরাজের নিচু হওয়া বল ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে পেছনে দাঁড়ানো উইকেট কিপার নুরুল হাসান সোহানের প্যাডে লাগে। জীবন পান কোহলি। তখন তিনি ১৮ রান নিয়ে ব্যাট করছিলেন।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের পুরোটা সময় অস্বস্তি নিয়ে কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার জেরে ২২৭ রান সংগ্রহ করতে পারে। মুমিনুল ছাড়া কোনও ব্যাটারই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাংলাদেশকে অলআউট করে বৃহস্পতিবার শেষ বিকালে ৮ ওভার ব্যাটিং করে সফরকারীরা। ৮ ওভারে বিনা উইকেটে তুলতে পারে ১৯ রান। সেই জুটিটা দ্বিতীয় দিন প্রায় ২০ মিনিটের মতো অবিচ্ছিন্ন থাকতে পারে।
লোকেশ রাহুলকে এলবিডাব্লিউ করে শুরুর এই জুটি ভেঙেছেন তাইজুল। উইকেট থেকে কিছুটা বেরিয়ে এসে রাহুল ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লাগার আগে আঘাত করে প্যাডে। জোরালো আবেদন হলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। যদিও রিভিউ নিয়ে শেষ পর্যন্ত রাহুলকে সাজঘরের পথ দেখাতে পেরেছেন তাইজুল। তাতেই ভাঙে ২৭ রানের ওপেনিং জুটি। রাহুল ৪৫ বলে ১ চারে ১০ রান করে আউট হয়েছেন।
নিজের পরের ওভারের প্রথম বলে ফের সাফল্য পান তাইজুল। লেগ-মিডল স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বলে ভারতীয় ওপেনার শুভমান গিল সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু বলে-ব্যাটে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। আম্পায়ার আউট দেওয়ার পর চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান এই ওপেনার। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করা শুভমান ঢাকায় ১ ছক্কা ও ১ চারে ২০ রানের ইনিংস খেলে ফিরেছেন।
৩৮ রানে দুই উইকেট হারানোর পর বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার জুটিতেই তার পর এগিয়ে যেতে থাকে ভারত। ১১ রানের ব্যবধানে দুই ওপেনারকে ফেরানোর পর তৃতীয় উইকেটে হওয়া ৩৪ রানের এই জুটি ভেঙে প্রথম সেশনটা নিজেদের করে নিতে অবদান রাখেন তাইজুল।
পূজারা লেগ স্টাম্পে পিচ করা বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন। কিন্তু শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডার মুমিনুল হক দারুণ রিফেক্সে ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখান পূজারাকে। ৫৫ বলে ২ চারে ২৪ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান।








