বিপিএলের আগের আসরে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। অজুহাত হিসেবে দেখানো হয় তাড়াহুড়ো করে আয়োজনের কথা। এবারও প্রায় একই কারণে রাখা হচ্ছে না ডিআরএস! অথচ এবার বিপিএল আয়োজনের অনেক সময় পেয়েছিল কর্তৃপক্ষ। এমন একটি টুর্নামেন্টে শুরু থেকে ডিআরএস না থাকায় ভীষণ হতাশ কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
রবিবার অনুশীলন শেষে ডিআরএস না থাকা নিয়ে হতাশা ব্যক্ত করে সালাউদ্দিন বলেছেন, ‘দেখেন এত বড় একটা টুর্নামেন্টে ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যেকোনো একটা সিদ্ধান্তের জন্য পুরো টুর্নামেন্টটা আপনি হেরে যেতে পারেন।’
দুই দিন আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে ইসমাইল হায়দার মল্লিক বলেছিলেন, ‘এই সময় হক-আই আর ভার্চুয়াল-আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না। সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে ভার্চুয়াল-আই আনা হয়। আর হক-আই আনলে তাদের আগে নিশ্চিত করতে হয়। সে কারণে পুরো ডিআরএস এলিমিনেটর ও ফাইনাল ম্যাচে পাবো।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এক বছর আগেও একই কথা বলেছিলেন। এবারও পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে বিপিএলের এলিমিনেটর পর্ব থেকে। গত বিপিএলেও শুরুতে ছিল এডিআরএস। ডিআরএস যুক্ত হয় এলিমিনেটর পর্ব থেকে।
এবার বিপিএলের দিন তারিখ চূড়ান্ত-ই করা হয়েছে কয়েকমাস আগে। সূচি বেশ আগে থেকে নির্দিষ্ট থাকায় সময় না পাওয়ার অজুহাত দেওয়ার উপায় নেই। তাই হতাশার পাশাপাশি কিছুটা ঝাঁজও প্রকাশ পেয়েছে সালাউদ্দিনের কথায়, ‘আমার মনে হয় যেহেতু আপনারা (বিসিবি) অনেক সময় পেয়েছিলেন, বোর্ডের তো অনেক টাকা; এই ধরণের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত ছিল।’









