বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর আগ থেকেই বিস্তর সমালোচনা হচ্ছে। এই সমালোচনার মাঝে আছে স্বস্তিও। এবার অন্তত ভালো উইকেটে খেলা হচ্ছে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমনটাই মনে করছেন।
বিপিএল নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে মিরপুরের ধীর গতির উইকেট। কিন্তু এবার ব্যাটারদের সেভাবে ভুগতে হচ্ছে না। শৈত্য প্রবাহের কারণে প্রথম দুই দিনের শুরুর ম্যাচ বাদে মিরপুরে ধারাবাহিকভাবে বড় রানের ম্যাচ হয়েছে। আগের আসরগুলোতে যা ছিল বিরল! মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এই ইতিবাচক দিকটির কথাই তুলে ধরলেন সিলেট অধিনায়ক মাশরাফি। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘উইকেট ভালো হলে ওদের জন্য খেলা সহজ হয়। এমনিতে চট্টগ্রামে গেলেই শুধু ভালো উইকেট পাওয়া যায়। মিরপুরে এরকম উইকেট তো পাওয়া যায় না। গত তিনদিন এখানে যে উইকেট দেখলাম, দারুণ। এরকম উইকেট হলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারবো।’
উইকেট নিয়ে মাশরাফি আরও বলেছেন, ‘এই উইকেটে ব্যাটসম্যানরা এবার ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোলারদের জন্যও ভালো হচ্ছে। এবার হাজার কথার ভেতরেও এই একটি ব্যাপার অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।’
নানা বিতর্ক সঙ্গী হওয়া বিপিএলে বিভিন্ন ঘটনা ঘটছেই। বিশেষ করে ডিআরএস না থাকায় সমস্যা তৈরি হয়েছে। আম্পায়াররা নিয়মিত ভুল সিদ্ধান্ত দিচ্ছেন। ফলে ক্রিকেটারদের দৃষ্টিকটুভাবে প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। এক্ষেত্রে মাশরাফি মনে করেন, আম্পায়ারদের মান বাড়াতে দায়িত্বটা তাদেরই নিতে হবে, ‘অনেক কিছু ভালো হতে পারতো, অনেক সীমাবদ্ধতা আছে। তবে টুর্নামেন্ট যখন মাঠে গড়িয়েছে… দেখুন, আমরা আগে একবার প্রায় দুইশ তাড়া করে জিতেছি, আজকে দুইশ করেছি। ক্রিকেটারদের একটা অভ্যাস গড়ে উঠছে। দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার মানের ওপরে যেতে না পারে, এটা তার ব্যাপার।’
এ ব্যাপারে মাশরাফি আরও বলেছেন, ‘বাইরে থেকে আম্পায়ার এনে কাজ চালানো যায়… কিন্তু আমি বলবো আমাদের আম্পায়ারদেরও সুযোগ দিতে হবে নিজেদেরকে মেলে ধরার জন্য। তারা এখন থেকে যদি কিছু শেখে তাহলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত আসলে হবেই, এটা স্বাভাবিক। যেহেতু স্নিকো বা অন্যান্য কিছু নেই। আমার কাছে মনে হয়, কিছু সাহসী সিদ্ধান্ত যদি মাঠে নেওয়া যায়, যেরকম আমরা বাইরে দেখি বা আন্তর্জাতিক ম্যাচে… সেরকম স্ট্যান্ডার্ড সেট করতে আম্পায়ারদেরও কিছু পদক্ষেপ মাঠে নিতে হবে।’









