সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচিত করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম। সেরা একাদশে অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন জুনিয়র টাইগারদের দলনেতা মেহেদি হাসান মিরাজ। মিরাজ ছাড়াও টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
সেরা একাদশে সর্বোচ্চ চারজন রয়েছেন রানার্সআপ ভারতের ক্রিকেটার। ভারতকে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন দুইজন। ইংল্যান্ডের দুইজন ও পাকিস্তানের একজন ক্রিকেটার রয়েছেন সেরা একাদশে।
টুর্নামেন্টের ৬ ম্যাচে ব্যাট হাতে ৬০.৫০ গড়ে ২৪২ রান করা মিরাজ বল হাতেও ঝলক দেখান। ৬ ম্যাচে ১২ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে উইকেট শিকারের দিক থেকে সপ্তম স্থানে ছিলেন মিরাজ, ব্যাটিংয়ে ছিলেন ১২তম স্থানে। সাইফুদ্দিন ব্যাট হাতে ২৫ গড়ে ৭৫ রান করলেও ১৪.৯২ গড়ে বল হাতে তুলে নেন ১৩টি উইকেট।
সেরা একাদশের উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের রিশব পান্ত। ৫টি ক্যাচ আর দুটি স্ট্যাম্পিং করা রিশব ব্যাট হাতে করেন ২৬৭ রান।
ক্রিকইনফোর সেরা একাদশ: রিশব পান্ত (ভারত), গিডরন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক বার্নহ্যাম (ইংল্যান্ড), সরফরাজ খান (ভারত), হাসান মোহসিন (পাকিস্তান), মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ), মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ), মায়াঙ্ক দাগার (ভারত), সাকিব মাহমুদ (ইংল্যান্ড), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও আভিস খান (ভারত)।
/এমআর/








