নাঈম শেখ ও রনি তালুকদার ঝড়ো ব্যাটিংয়ের পর রংপুর রাইডার্সের জার্সিতে প্রথমবার মাঠে নামা রহমতউল্লাহ গুরবাজের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ ওভার আগেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। অন্যদিকে ১২ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থেকে বিপিএল মিশন শেষ করলো চট্টগ্রাম।
রংপুরের জয়ে প্রথম কোয়ালিফায়ার থেকে ছিটকেই গেছে ফরচুন বরিশাল। ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চারে। শেষ ম্যাচে তারা জিতলেও লাভ হচ্ছে না। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স শেষ ম্যাচে মুখোমুখি হবে। দুই দলেরই পয়েন্ট ১৪। শুক্রবার দুপুরের ম্যাচে যারা জিতবে তারা ১৬ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ১৮ পয়েন্ট নিয়ে সিলেট সবার আগে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নাঈম শেখ ও রনি তালুকদারের ওপেনিং জুটিতে তোলেন ৩৮ রান। ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হন নাঈম। ২৭ বলে ২৮ রান করে রনি আউট হলে ঝড় শুরু করেন গুরবাজ। আফগানিস্তান ওপেনার ৩০ বলে ৪৬ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। নিহাদুজ্জামানের বলে এগিয়ে এসে মারতে গিয়ে ডানহাতি ব্যাটসম্যান স্টাম্পড হন। জয়ের বাকি কাজ সারেন নুরুল হাসান ও কাডমোর। সোহান ১৫ ও কাডমোরের ব্যাট থেকে আসে ২০ রান।
এর আগে টস জিতে ব্যাটিং নিলেও চট্টগ্রামের ব্যাটাররা রান তুলতে ব্যর্থ হয়েছেন। স্কোরবোর্ডে ২৯ রান জমা হতেই চট্টগ্রামের তিন ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন। প্রথমবার খেলতে নেমে তৌফিক খান ২৬ বলে ২৮ রান করতে পেরেছেন। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও চট্টগ্রামকে টেনে তোলার চেষ্টা করেন জিয়াউর রহমান। ২৫ বলে তার ৩৩ রানের সুবাধে ১৩২ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
রংপুরের বোলারদের মধ্যে হারিস রউফ ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন আজমতউল্লাহ, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।









