পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ চারে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না সাকিব আল হাসানের করাচি কিংসের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পেশোয়ারের বিপক্ষে ৫ উইকেটে হেরে গিয়েছে করাচি কিংস।
সেমিফাইনালে উঠতে পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সাকিবের দলকে। রাত সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া ইসলামাবাদ বনাম লাহোর ম্যাচে যদি লাহোর হেরে যায় তবেই সেমিতে যেতে পারবে সাকিবের করাচি কিংস।
এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি এই বাংলাদেশি অলরাউন্ডার। মাত্র ১১ রান করেছেন তিনি। বল হাতে তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন তিনি। সাকিব খেললেও বুধবারের ম্যাচে একাদশে জায়গা পাননি মুশফিকুর রহিম। অন্যদিকে আগের ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে রয়েছেন পেশোয়ার জালমির সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
টিকে থাকার লড়াইয়ে শহিদ আফ্রিদির পেশোয়ার জালমির বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১৫২ রান সংগ্রহ করেছে করাচি। করাচির হয়ে লেন্ডল সিমন্স সর্বোচ্চ ৪৯ রান করেন। তার ৩৭ বলের ইনিংসটি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে সাজানো। এছাড়া রবি বোপারা করেন ২২ বলে ২৩ রান। সাকিব ১২ বলে ১১ রান করে আউট হন।
পেশোয়ারের হয়ে আফ্রিদি, আমির ইয়ামিন, হাসান আলি, ইমরান খান ও ড্যারেন স্যামি একটি করে উইকেট লাভ করেন।
জবাবে তামিমবিহীন পেশোয়ারের শুরুটা খারাপ হলেও ব্র্যাড হজের ৪৫ বলে ৮৫ রানের ইনিংসে ৫ উইকেটের জয় তুলে নেয় আফ্রিদির দল।
/এমআর/








