ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নেতৃত্বে সংস্কারের অংশ হিসেবে গত মাসে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন টেম্বা বাভুমা। তার জায়গা নিলেন ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক এইডেন মারক্রাম।
সম্প্রতি ডিন এলগারের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পাওয়া বাভুমা ওয়ানডে দলের নেতৃত্ব অবশ্য হারাননি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। বিয়র্ন ফোরটুইন, সিসান্দা মাগালাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।
২৮ বছর বয়সী মারক্রাম ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দেন। এসএ২০-এর উদ্বোধনী আসরে সানরাইজার্স ইস্টার্ন কেপকে শিরোপা জেতান। এই মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে নেতৃত্ব শুরু করবেন তিনি।
ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে আনরিখ নর্কিয়ে ও কাগিসো রাবাদাকে। প্রথম একদিনের ক্রিকেট দলে ডাক পেয়েছেন গেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। প্রথম দুটি ওয়ানডে দলে নেই মার্করাম, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ও ওয়েন পার্নেল।
একই দিনে জেপি ডুমিনিকে সাদা বলের দলের পূর্ণকালীন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে সিএসএ। এছাড়া ররি ক্লেইনভেল্ডটকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শুধু ক্যারিবিয়ান সিরিজে কাজ করবেন।
টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।
প্রথম ২ ওয়ানডের স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস, রাসি ফন ডার ডুসেন।









