ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার শুরু হচ্ছে জোহানেসবার্গ টেস্ট। স্পিনার কেশব মহারাজ ও সিমন হার্মারকে যুক্ত করা হয়েছে এই ম্যাচের একাদশে। প্রথম টেস্টের একমাত্র স্পিনার সেনুরান মুথুস্যামি ও মার্কো জানসেনের বদলে দুই স্পিনার ঢুকেছেন।
ইনজুরির কারণে পূর্বসতর্কতা হিসেবে বিশ্রাম নিয়েছেন সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আনরিখ নর্কিয়ে। প্রথম টেস্টে মাত্র ১৪ ও ৭ রান করা কিগান পিটারসেনও জায়গা ধরে রাখতে পারেননি। এই দুজনের বদলে এসেছেন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার।
প্রথম টেস্টে কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ৮৭ রানে জিতে সিরিজে এগিয়ে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ (২য় টেস্ট): ডিন এলগার, এইডেন মারক্রাম, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, হেনরিখ ক্লাসেন, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও গেরাল্ড কোয়েটজি।









