পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার প্রথম ম্যাচে পেশোয়ারের সঙ্গে হেরে যাওয়ায় সাকিবের দল করাচি কিংসের সেমিফাইনালে ওঠা ভাগ্যের ওপর ঝুলে যায়। তাদের সামনে সমীকরণটি দাঁড়ায়, দ্বিতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে জিতলে প্লে অফ পর্বে চলে যাবে লাহোর কালান্দার্স, বাদ পড়বে করাচি। আর লাহোর হারলে সেমিতে খেলবে সাকিবের দল।
তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো করাচি কিংসের। বুধবার রাতে ইসলামাবাদের কছে হেরে গেছে লাহোর। তাতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হলো সাকিবের দলের।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রান করে লাহোর কালান্দার্স। দলের হয়ে ৪৯ বলে সর্বোচ্চ ৭২ রান করেন উমর আকমল। ৪৪ বলে ৫৭ রান করেন শোয়েব মাকসুদ। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মোহাম্মদ ইরফান নিয়েছেন তিন উইকেট।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্র্যাড হাডিনের ৪২ বলে ৫৪ মিসবাহ-উল হকের ১৯ বলে ৩৮ ও খালিদ লতিফের ২৫ রানের ইনিংসে ভর করে এক ওভার হাতে রেখে পাঁচ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ। এ হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে লাহোর।
/এমআর/








