প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড। ২৭ দিনের সফরে আয়ারল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে। এই সফরের জন্য দুই ম্যাচের ওয়ানডে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ। তাকে বাদ দিয়েই নির্বাচকরা ১৬ জনের দল বেছে নিয়েছেন।
গত কিছুদিন ধরেই মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে গুঞ্জন ছিল। সিনিয়র এই ক্রিকেটারের পারফরম্যান্স ছাড়া ফিটনেস নিয়েও আছে প্রশ্ন। ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলে ছিলেন ছন্নছাড়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচে ৩১, ৩২ ও ৮ রান এসেছে ব্যাট থেকে। সবকিছু মিলিয়েই মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নির্বাচকদের।
বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন আগেই জানিয়েছিলেন, বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে সেই তালিকাতে যে মাহমুদউল্লাহ থাকবেন, সেটা অনুমিতই ছিল।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড ছিল ১৫ জনের। এবার দুই ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৬ জনের স্কোয়াড। এই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলামের। তবে আগের সিরিজে সুযোগ না পাওয়া তিন ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম ফিরেছেন। প্রথমবার সুযোগ পেয়েছেন জাকির হাসানও। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।
আইরিশরা বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। এর আগে তারা ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল। সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঢাকায় হবে একমাত্র টেস্ট।
সিলেটে ওয়ানডের আগে আইরিশরা ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৮ মার্চ জেলার আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।
ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ মার্চ দুই দল চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। ২৭, ২৯ ও ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ দুপুর ২টায়। পরদিন ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন করে ৪ এপ্রিল বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।









