চলতি মাসের শেষ দিন শুরু হচ্ছে আইপিএল। শেষ হবে ২৮ মে। আইপিএল শেষ হওয়ার সপ্তাহখানেক পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রায় দুই মাস টি-টোয়েন্টি খেলে খেলোয়াড়দের টেস্টে মনোযোগ দেওয়া সহজ হবে না মনে করেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
বোর্ডার-গাভাস্কার ট্রফি ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে ভারত। আহমেদাবাদ টেস্ট ড্র হওয়ার আগেই সোমবার নিউ জিল্যান্ডে শ্রীলঙ্কা পরাজিত হওয়ায় তারা টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে। এর আগে ইন্দোরে জিতে ফাইনালের টিকিট কাটে অস্ট্রেলিয়া।
আগামী ৭ জুন লন্ডনের ওভালে দুই দল ফাইনালে মুখোমুখি হবে, আইপিএল ফাইনাল হওয়ার ৯ দিন পর। ফাইনালে ওঠার উচ্ছ্বাস দ্রাবিড়ের কণ্ঠে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দারুণ। দুই বছরেরও বেশি সময় ধরে হোম ও অ্যাওয়েতে আমরা যে ফল করেছি, তার স্বীকৃতি এটা। ছয়টি সিরিজ, ভারত অনেক ক্রিকেট খেলেছে। ওভালে আবারও খেলার সুযোগ পেয়ে আমি মনে করি, খেলোয়াড়দের পারফরম্যান্সের কৃতিত্ব দিতে হয়।’
কিন্তু পরের বক্তব্যে দুশ্চিন্তার বহিঃপ্রকাশ, ‘এটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আইপিএল ফাইনাল ও টেস্ট ফাইনাল মাত্র এক সপ্তাহের ব্যবধানে, এটা সহজ হচ্ছে না। আমাদের জন্য এটা চ্যালেঞ্জ হবে। কিন্তু কোচ হিসেবে আমরা আলোচনা করবো। চেষ্টা থাকবে এই ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করতে। আমি জানি ছেলেরা এটা নিয়ে আগ্রহী এবং রোমাঞ্চিত।’
ওই ফাইনালের আগে ভারতের আর কোনও টেস্ট নেই। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। এরপর খেলোয়াড়রা অংশ নিবে আইপিএলে। দ্রাবিড় বললেন, কোচিং স্টাফরা এই সময়ে কাজের পরিকল্পনা করবেন যেন সেরা প্রস্তুতি নিয়ে ফাইনালে খেলতে পারে ভারত।









