বৃষ্টিতে দেরিতে শুরু হলো খেলা। টসে জিতে ফিল্ডিং নিয়ে সবুজ ঘাসের পিচে শাসন করতে চেয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। কিন্তু প্রবল বাতাসে তাদের অস্ত্র ভোঁতা হয়ে গেলো। সেই সুযোগ নিলেন ডেভন কনওয়ে। বিরূপ আবহাওয়ার কারণে সব মিলিয়ে মাত্র দেড় সেশনের মতো খেলা হলো, যেখানে এই ব্যাটারের ব্যাটে স্বস্তি নিয়ে দিন শেষ করলো নিউ জিল্যান্ড।
১০৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন কনওয়ে। ক্রিজে তিনি থাকার সময় নিউ জিল্যান্ডকেই চালকের আসনে মনে হয়েছে। ২৬ ও ১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করে আসেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকলস। আলোকস্বল্পতায় শেষ সেশনের ৪৫ মিনিট আগেই দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে মাত্র ৪৮ ওভারের খেলায় ২ উইকেটে ১৫৫ রান নিউ জিল্যান্ডের। দিনের খেলা শেষে কনওয়ে বললেন, ‘বেসিনে আমি যতবার খেলেছি, তার মধ্যে আজ সবচেয়ে প্রবল বাতাস বয়ে গেছে। বোলারদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে তাদের চাপে রাখতে চেয়েছিলাম।’
পিচে এক্সট্রা বাউন্সের দেখা মিলেছে যৎসামান্য, যেটাকে কনওয়ে বললেন টেনিস বল বাউন্স হিসেবে। টম ল্যাথামের সঙ্গে প্রথম উইকেটে ৮৭ রানের জুটিতে বোলারদের শাসন করেন তিনি। তার ১৩ চারের মধ্যে আটটি এসেছে লাহিরু কুমারার বলে। প্রথম উইকেট নিউ জিল্যান্ড হারায় কাসুন রাজিথার বলে। ডিপ স্কয়ার লেগে ক্যাচ হন ল্যাথাম (২১)।
এরপর উইলিয়ামসনের সঙ্গে কনওয়ে ৩১ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন। ধনঞ্জয়া ডি সিলভার বলে ফিরতি ক্যাচ দেন তিনি। তারপর ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেন উইলিয়ামসন ও নিকলস।









