দ্বিতীয় ইনিংসে ফলোঅনে নেমেও শ্রীলঙ্কা ইনিংস হারের লজ্জা এড়াতে পারেনি। চতুর্থ দিনে ৩৫৮ রানে অলআউট হওয়ায় নিউ জিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৫৮ রানের ব্যবধানে হেরেছে। তাতে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে লঙ্কানরা।
ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো ব্যাটিং করলেও প্রতিরোধটা স্থায়ী হয়নি। আগের দিন দুই উইকেট হারানো লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ফিফটি ছিল মোট চারটি। অধিনায়ক করুনারত্নে ৫১, কুশল মেন্ডিস ৫০ ও দিনেশ চান্ডিমাল ৬২ রান করেছেন। তাদের মধ্যে লঙ্কান অধিনায়ক গতকাল ফিরেছেন। কুশল ফিরেছেন চতুর্থ দিনের শুরুতে। ধনাঞ্জয়া ডি সিলভা ভালো প্রতিরোধ গড়েও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দুই রানের জন্য। ৯৮ রান করা এই ব্যাটারকে বিদায় দিয়েছেন ব্রেসওয়েল।
বেশির ভাগ ব্যাটার আউট হয়েছেন সফট ডিসমিসাল আর শর্ট বলে। কৃতিত্ব দিতে হবে ব্লেয়ার টিকনারকেও। নিল ওয়েগনারের অনুপস্থিতিতে তার দায়িত্ব ভালো মতোই সামলেছেন।
তিনটি জুটিতে টিকে ছিল লঙ্কানদের প্রতিরোধ। গতকাল দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান যোগ হওয়ার পর এদিন সবচেয়ে বড় প্রতিরোধ গড়েন চান্ডিমাল-ধনাঞ্জয়া। তারা ১২৬ রান যোগ করেছেন। সম্ভাবনাময় জুটি ভাঙে টিকনারের বলে চান্ডিমাল ক্যাচ দিয়ে আউট হলে। ধনাঞ্জয়া তার পর মাদুশকার সঙ্গেও ৭৬ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন। লড়াইটা টিকে ছিল এই পর্যন্তই। দলীয় ৩১৮ রানে মাদুশকা (৩৯) টিকনারের বলে আউট হলে ধনাঞ্জয়াও কাটা পড়েন পরের ওভারে।
৫১ রানে ৩ উইকেট নিয়েছেন টিম সাউদি। ৮৪ রানে ৩ উইকেট নেন টিকনারও। ব্রেসওয়েল ১০০ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি ও ডগ ব্রেসওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে ১২৩ ওভারে ৫৮০/৪ ডি. (কেন উইলিয়ামসন ২১৫, নিকোলস ২০০*; রাজিথা ২/১২৬)
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬৬.৫ ওভারে ১৬৪ (করুনারত্নে ৮৯; হেনরি ৩/৪৪, ব্রেসওয়েল ৩/৫০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে- ফলোঅন- ১৪২ ওভারে ৩৫৮ (ধনাঞ্জয়া ৯৮, চান্ডিমাল ৬২; সাউদি ৩/৫১, টিকার ৩/৮৪)।
ফল- নিউ জিল্যান্ড এক ইনিংস ও ৫৮ রানে জয়ী।
ম্যাচসেরা: হেনরি নিকোলস (২০০*)
সিরিজসেরা: কেন উইলিয়ামসন (মোট ৩৩৭ রান)।









