সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার পথে আরও বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। সুপার লিগের আওতায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তাদের দ্বিতীয় ওয়ানডে খেলার কথা ছিল। দুর্ভাগ্য ক্রাইস্টচার্চের টানা বৃষ্টিতে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। তাতে ৫ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। সিরিজের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা ১৯৮ রানে হেরেছে।
সুপার লিগ টেবিল থেকে শীর্ষ আট দল সরাসরি ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সেখানে ৮২ পয়েন্ট নিয়ে লঙ্কানদের অবস্থান এখন নবম স্থানে। সুপার লিগে তাদের আর মাত্র একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচটি তারা জিতলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে চলে আসবে। কিউইদের হারালে তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯২। তার পর তাদের প্রার্থনায় থাকতে হবে দক্ষিণ আফ্রিকা যেন নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শুধু একটি ম্যাচ জেতে। তাতে প্রোটিয়ারা আটকে থাকবে ৮৮ পয়েন্টে। তাহলে বিশ্বকাপে লঙ্কানদের সরাসরি কোয়ালিফাই করতে আর বাধা থাকবে না।
এদিকে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ড যদি তৃতীয় ম্যাচও হারে সুপার লিগে শীর্ষে থাকবে তারা। এই মুহূর্তে কিউইদের অর্জন ১৬৫ পয়েন্ট। দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে ১০ পয়েন্ট বেশি।









