পুলিশকে আক্রমণ করে গ্রেফতার হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মাইকেল স্ল্যাটার। ওই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
শুক্রবার মধ্য রাতের কিছু পূর্বে ঘটনাটি ঘটেছে কুইন্সল্যান্ডের নোসা হেডসে। পুলিশ সদস্যরা পারিবারিক সহিংসতায় কারও হাসপাতালে যাওয়ার মতো ঘটনার খোঁজ করতে একটি বাড়িতে গিয়েছিলেন। তার পরেই তাদের ওপর আক্রমণ করেন অজি গ্রেট। তার আক্রমণে এক পুলিশ অফিসারের হাত কেটে গেছে।
ওই ঘটনায় ৫৩ বছর বয়সী স্ল্যাটারের বিরুদ্ধে পুলিশি কর্মকাণ্ডে বাধা প্রয়োগ ও আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এখন তাকে আগামী ২ মে নোসা ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হতে হবে।
স্ল্যাটারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এবারই প্রথম নয়। গত বছরও একই অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি খারিজ হয়ে যায় তার মানসিক রোগের কারণে। পরে প্রমাণিত হয় তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন।
স্ল্যাটার অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন। এই সময়ে অজিদের হয়ে ৭৪ টেস্টের পাশাপাশি খেলেছেন ৪২টি ওয়ানডেও। তার পর নির্বাচকদের সঙ্গে বনিবনা হয়নি তার। ২০০৪ সালে অবসর ঘোষণার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন।









