মৌসুমের শুরুতে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। উইল জ্যাকস, রজত পাতিদারের পর চোটের বলি হয়েছেন দলটির ইংলিশ পেসার রিস টপলি। কাঁধের হাড় সরে যাওয়ায় তার আইপিএল শুরু হতেই শেষ হয়ে গেছে!
মুম্বাইয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বল হাতে অভিষেকটা খারাপ ছিল না টপলির। ১৪ রানে এক উইকেট নিয়েছেন। কিন্তু বিপদ ডেকে আনেন ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে। সোমবার দলের সঙ্গে কলকাতায় সফর করলেও পরে দেখা গেছে চোট পাওয়া হাতটি স্লিংয়ে ঝোলানো অবস্থায়। ফলে বৃহস্পতিবার একাদশে ঢুকেছেন তারই স্বদেশী ডেভিড উইলি। চোট সারাতে এরই মধ্যে ইংল্যান্ডে ফিরে গেছেন টপলি।
আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার বৃহস্পতিবার কলকাতার বিপক্ষে ম্যাচের সময় বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় টপলিকে দেশে ফিরে যেতে হয়েছে। আমরা তাকে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু যে ধরনের চিকিৎসা দরকার তাতে বিশেষজ্ঞদের কথা মতো তাকে বেশ কিছুদিন খেলার বাইরেই থাকতে হচ্ছে।’
টপলিকে ১.৯ কোটি রুপিতে দলে নিয়েছে বেঙ্গালোর। ডিসেম্বরের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ। নিলামে তাকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসও কাড়াকাড়ি করেছে।
বাঙ্গার আরও বলেছেন, শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অজি পেসার জশ হ্যাজলউডের যথাক্রমে ১০ ও ১৪ এপ্রিল দলটিতে যোগ দেওয়ার কথা।









