টানা দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিলেন পারভেজ রাসুল। তার ম্যাচসেরা বোলিং পারফরম্যান্সে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৯৯ রানে থামালেও জিততে ঘাম ছুটেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ২ উইকেটের জয় পেয়েছে তারা।
লক্ষ্যে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিল শেখ জামাল। কিন্তু ৩৪তম ওভারে পরপর দুই বলে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। ১৮৭ রানে ৮ উইকেট হারায় দল। তবে মৃত্যুঞ্জয় চৌধুরী (১০) ও আরিফ আহমেদ (২) অপরাজিত থেকে ঠাণ্ডা মাথায় ১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে আসেন।
৯৯ রানে ৪ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে নুরুল হাসান সোহান ৪৮ রানের জুটি গড়েন। ২৮তম ওভারে হৃদয় ৪৩ রান করে ফিরে যান। রাসুলও একই ওভারে আলাউদ্দিন বাবুর দ্বিতীয় শিকার।
জিয়াউর রহমানকে নিয়ে ওই ধাক্কা কাটিয়ে ওঠেন সোহান। ৩৭ রানের জুটি ভাঙে জিয়াউরের (১৫) বিদায়ে। পরের বলে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সোহানও বিদায় নেন ৪৯ রান করে। লড়াই জমে উঠলেও জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ওপেনার সাইফ হাসানের ৩৯ ও তাইবুর রহমানের ৩১ রান গুরুত্বপূর্ণ অবদান রাখে। ৩৬.৩ ওভারে ৮ উইকেটে ২০০ রান করে তারা।
এর আগে ব্যাটিংয়ে নেমে ২৪ থেকে ৭৫ রানে ৪ উইকেট হারায় রূপগঞ্জ। সালমান হোসেন ও সানজামুল ইসলামের চল্লিশ ছাড়ানো ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। ৪৫ রান করেন সালমান, ৩৩ রান করেন সানজামুল।
উদ্বোধনী জুটি ভাঙার পর মাঝের দিকে রাসুল আরও তিন উইকেট নেন। ৩৫ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। তিনটি উইকেট পান মৃত্যুঞ্জয়।
৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টেবিলের দুই নম্বরে শেখ জামাল। সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রূপগঞ্জ।









