নির্মাণ ব্যয় কমাতে শেখ হাসিনা স্টেডিয়ামের উপকরণ ও সেবায় শুল্ক করের অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কাজ শুরু করার আগে স্টেডিয়াম নির্মাণে প্রকল্প সংক্রান্ত সব ধরনের ব্যয়ে আরোপিত শুল্ক করে বিসিবি অব্যাহতি চাইছে। শুক্রবার মিরপুরে নাজমুল হাসান সংবাদমাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানান। বলেছেন, ‘ডলারের দাম এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা আগে চিন্তা করেছিলাম খরচ ২০০-৩০০ কোটি হবে। এখন সেটা ৫০০ কোটি টাকা হয়ে যাচ্ছে। যেহেতু বেশিরভাগ জিনিস আমদানি করতে হবে, সে জন্য আমরা শুল্ক করে অব্যাহতি চেয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘ফেডারেশন বা বোর্ড নিজের টাকায় স্টেডিয়াম নির্মাণ করে না। এই প্রথম আমরা নিজেদের টাকায় স্টেডিয়াম করছি, সেহেতু আমদানির ওপর আমাদের ছাড়পত্র দেওয়া যেতেই পারে। আমরা অনুরোধ করেছি মাত্র। পাবো কিনা জানি না, না পেলেও নিজেদের অর্থায়নে স্টেডিয়াম নির্মাণ করবো। তবে আমার বিশ্বাস যে ছাড় হয়তো পাবো।’









