শনিবার দুপুর থেকে ফের শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপের অনুশীলন। এদিন বেলা ৩টা থেকে শুরু করে অনুশীলন চলবে রাত পর্যন্ত। ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন হবে। টিম সূত্রে জানা গেছে মিরপুরে ফ্লাডলাইটের আলোতে ফিল্ডিং অনুশীলন করবেন ক্রিকেটাররা।
প্রসঙ্গত, চট্টগ্রামের ক্যাম্প শেষে তিন দিনের ছুটি শেষ হচ্ছে শুক্রবার। তাই দেরি না করে এশিয়া কাপের প্রস্তুতিতে শনিবার থেকে অনুশীলনে নেমে পড়ছে ক্রিকেটাররা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে আসা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম অনুশীলনের প্রথম দিনেই মাঠে থাকবেন। এজন্য পিএসএলের মাঝপথেই বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।
এশিয়া কাপে ২৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। এশিয়া কাপের মূল পর্ব আগামী বুধবার শুরু হলেও বাছাইপর্ব শুরু হয়েছে শুক্রবার থেকে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুলনায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে গত মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন তারা।
এশিয়া কাপের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আবু হায়দার, নুরুল হাসান।
/আরআই/এফআইআর/








