আগে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ২২৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বড় লক্ষ্যের বিপরীতে আগের ম্যাচে রিংকু সিংয়ের ব্যাটিং বীরত্ব কলকাতা শিবিরে আত্মবিশ্বাস দিচ্ছিল। কিন্তু হায়দরাবাদের বিপক্ষে আজ পুরোপুরি ব্যর্থ কলকাতা, ব্যর্থ হয়েছেন রিংকুও। তার ৫৮ রানের অপরাজিত ইনিংসের পরেও আইপিএলে কলকাতা ৭ উইকেটে করেছে ২০৫ রান। ফলে ২৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে কেকেআর।
ইডেন গার্ডেনসে কঠিন লক্ষ্যের বিপক্ষে খেলতে নেমে কলকাতার শুরুটা ছিল ভীষণ বাজে। ২০ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। সেখান থেকে দলটিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন নারায়ণ জগদীশান ও অধিনায়ক নীতিশ রানা। ২৯ বলে দু’জনের ৬৯ রানের জুটিতে বেশ ভালোভাবেই বিপর্যয় কাটিয়ে উঠে তারা। কিন্তু ২১ বলে নারায়ণ জগদীসান ৩৬ রানে আউট হলে ১৪ রানের মধ্যে বিদায় নেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার আন্দ্রে রাসেলও (৩)। এরপর আগের ম্যাচে কলকাতার জয়ের নায়ক রিংকুকে নিয়ে অধিনায়ক নীতিশ ইডেনে ঝড় তুলে খেলতে থাকেন। ৩৯ বলে ৬৯ রানের জুটি গড়ে আউট হন নীতিশ।
৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৫ রান করে অধিনায়ক আউট হতেই আরও একবার ছন্দ হারায় দলটি। আগের ম্যাচে গুজরাতের বিপক্ষে শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। রিংকু ৪ বলে চার ছক্কায় দলের জয় নিশ্চিত করেছিলেন। এই ম্যাচে জিততে হলে শেষ ওভারে প্রয়োজন ছিল ৩২ রানের। কিন্তু এবার আর পারেননি রিংকু। শেষ চার বল খেলার সুযোগ পেয়ে মারতে পেরেছেন মোটে একটি ছক্কা! তাতে শেষ ওভারে কলকাতা নিতে পারে ১৬। ৩১ বলে ৪ চার ও ৪ ছক্কায় রিংকু ৫৮ রানে অপরাজিত ছিলেন।
হায়দরাবাদের বোলারদের মধ্যে কলকাতার টপ অর্ডার ধসিয়ে দেওয়া মার্ক ইয়ানসেন ৩৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।
আগে টস হেরে ব্যাটিং করেও রানের পাহাড় গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ কোটি ২৫ লাখ টাকায় কেনা হ্যারি ব্রুক বিধ্বংসী ব্যাটিং উপহার দিয়েছেন। তার ৫৫ বলে খেলা ১০০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়ে তারা। ৫৭ রানে মায়াঙ্ক আগরওয়াল (৯) ও রাহুল ত্রিপাঠী (৯) আউট হওয়ার পর এইডেন মারক্রাম ও হ্যারি ব্রুক মিলে ৪৭ বলে ৭২ রানের জুটি গড়েছেন। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় হায়দারবাদ।
২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসের পর অধিনায়ক মারক্রাম আউট হলে ক্রিজে নামেন অভিষেক শর্মা। এবার ৩৩ বলে ব্রুককে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন অভিষেক। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করে আউট হয়েছেন অভিষেক। এরপর হাইনরিখ ক্লাসেনকে সঙ্গে নিয়ে হ্যারি ব্রুক ১১ বলে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়লে হায়দরাবাদের ইনিংস গিয়ে থামে ২২৮ রানে। ব্রুক ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন।
কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ২২ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। বরুণ চক্রবর্তী নিয়েছেন একটি উইকেট।









