আগের ম্যাচে স্যাম কারানের আলসে ভঙ্গিতে রান আউট সমালোচনার শিকার হয়েছিল। অবশেষে এই আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় জ্বলে উঠলেন ব্যাট হাতে। পরে আর্শদীপ সিংয়ের গতিময় বোলিংয়ে ১৩ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো পাঞ্জাব কিংস।
আগে ব্যাট করে কারানের ফিফটিতে ৮ উইকেটে ২১৪ রান করে পাঞ্জাব। জবাবে ৬ উইকেটে ২০১ রানে থামে মুম্বাই।
দশম ওভারে পিযুষ চাওলার জোড়া আঘাতে ৮৩ রানে ৪ উইকেট হারায় পাঞ্জাব। এরপর হারপ্রীত সিংকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন কারান। ২৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪১ রান করেন হারপ্রীত। ২৯ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৫ রানে আউট হন কারান। শেষে জিতেশ শর্মার ৭ বলে ২৮ রানের ইনিংস ভালো অবদান রাখে, ছিল ৪ ছয়।
অর্জুন টেন্ডুলকার ছিলেন খরুচে। ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ক্যামেরন গ্রিন ও পিযুষ ২টি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে গ্রিন ও রোহিত শর্মার ৭৬ রানের জুটি মুম্বাইকে লড়াইয়ে রাখে। রোহিত ৪৪ রানে ফিরলে গ্রিন ও সূর্যকুমার ৭৫ রানের জুটি গড়েন। দুজনেই ফিফটি পান।
৪৩ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬৭ রানে সেরা ইনিংস খেলেন গ্রিন। ২৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৫৭ রান করেন সূর্যকুমার। শেষদিকে টিম ডেভিড ১৩ বলে ২৫ রান করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না।
আর্শদীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। ম্যাচের সেরা খেলোয়াড় কারান।
পাঞ্জাব সাত ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে, আর ৬ ম্যাচে তৃতীয় হারে ৬ পয়েন্টে সাতে মুম্বাই।









