দিল্লি ক্যাপিটালসের ক্রীড়া সরঞ্জাম চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। ১৬ লাখ রুপি মূল্যের ১২ ব্যাট, ১৮ বল, গ্লাভস, থাই গার্ড ও হেলমেট উদ্ধার করেছে তারা। তদন্তে উঠে এসেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ এপ্রিলের ম্যাচ শেষে বিমানবন্দর পর্যন্ত খেলোয়াড়দের ব্যাগ নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা এক ট্রাকচালক ও তার সহকারী জিনিসগুলো গায়েব করে দেন।
কাবন পার্কের সাব ইন্সপেক্টর ভিমাসেন ঘাটাগে জানান, ডেভিড ওয়ার্নারদের খেলার জিনিসগুলো দিয়ে খেলতে চেয়েছিলেন ওই ট্রাকচালক। তাই সেগুলো চুরি করেন। তিনি বলেন, ‘তারা দুজন মালপত্র নিয়ে যাওয়ার সময় ব্যাগগুলো খোলে এবং প্রতিটি ব্যাগ থেকে একটি বা দুটি জিনিস সরিয়ে রাখে, বাকি জিনিসপত্র যেমন ছিল তেমনটাই রেখে দেয়। ব্যাগগুলো দিল্লিতে পৌঁছানোর পর দিল্লি দল চুরির বিষয়টি বুঝতে পারে এবং তারা সবকিছু যাচাই করার পর বেঙ্গালুরু কুরিয়ার সার্ভিসকে জানায়। অভিযুক্তরা আমাদের বলেছে, তারা ব্যাট ও অন্য সরঞ্জামগুলো চুরি করেছে খেলার জন্য, তারা ভক্ত।’
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি এই আসরের প্রথম জয় পাওয়ার পর ওয়ার্নার জানান, চুরি হওয়া ক্রীড়া সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু ব্যাট ও ক্রীড়া সামগ্রীর ছবি দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার লেখেন, ‘তারা অপরাধীদের খুঁজে পেয়েছে। কিছু জিনিস এখনও পাওয়া যায়নি, কিন্তু ধন্যবাদ।’









