বাজে ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়ার পর আক্ষেপ করেননি। নিজের ভুল বুঝতে পেরে আজিঙ্কা রাহানে শূন্য থেকে শুরু করতে চেয়েছিলেন। পেরেছেন তিনি। তাই তো এক বছরেরও বেশি সময় টেস্ট না খেলেও ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ডাক পেলেন তিনি।
২০২২ সালের জানুয়ারির পর থেকে আর কোনও টেস্ট খেলেননি রাহানে। আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ১৫ জনের দলে তাকে রেখে আবার সাদা পোশাক পরার সুযোগ দেওয়া হলো।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর কেপ টাউন টেস্টে ৯ ও ১ রান করার পর থেকে লাল বলের ক্রিকেটে সুযোগ পাননি। ওই সফরে ছয় ইনিংস খেলে মাত্র ১৩৬ রান করেন। প্রত্যাশিতভাবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন। তৎকালীন ভারতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলেছিলেন, রাহানের জন্য দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। ভবিষ্যতে আবার ফেরানো হবে তাকে।
এমনকি রাহানে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও বাদ পড়েন। আগেরবার গ্রেড বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত ছিলেন তিনি। সেপ্টেম্বরে নিজেকে উজ্জীবিত করে কোমর বেঁধে নেমে পড়েন। ইনজুরি থেকে সেরে ওঠার পর ঘরোয়া মৌসুমে রান খুঁজে পান। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের শীর্ষ রান সংগ্রাহক তিনি। সাত ম্যাচে করেছেন ৬৩৪ রান, হায়দরাবাদের বিপক্ষে ছিল ডাবল সেঞ্চুরি ও আসামের বিপক্ষে ১৯১ রান।
চলতি আইপিএলেও ভালো ফর্মে আছেন। গত সপ্তাহে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭১ রানে অপরাজিত ছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার। রয়েছে আরেকটি হাফ সেঞ্চুরি।
ভারতের ফাইনালের স্কোয়াডে আর কোনও বড় চমক নেই। রোহিত শর্মার নেতৃত্বে এই দলে আছেন শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলসহ ছয় বিশেষজ্ঞ ব্যাটার। শ্রেয়াস আইয়ার ও যশপ্রীত বুমরা পিঠের ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই করছেন। তাদের জায়গা হয়নি দলে।
আগামী ৭ থেকে ১১ জুন ওভালে হবে ফাইনাল। ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনারকাট।









